সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপির আর্থিক প্রতারণা মামলা ক্রমশ জটিল হচ্ছে। দুই বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফতেহি এ মামলার সঙ্গে শুরু থেকেই জড়িয়ে পড়েছেন। গত বুধবার জ্যাকুলিনকে সমন পাঠিয়েছিল দিল্লির আর্থিক অপরাধ শাখা (ইওডব্লিউ)। প্রায় আট ঘণ্টা ধরে জেরা করা হয়েছিল জ্যাকুলিনকে। আর গতকাল ইওডব্লিউর মুখোমুখি হন নোরা ফতেহি।
ইওডব্লিউর কর্মকর্তাদের ৫০টির বেশি প্রশ্নবাণের মুখোমুখি হতে হয়েছিল জ্যাকুলিনকে। তবু তাদের সন্তুষ্ট করতে পারেননি এই বলিউড অভিনেত্রী। জানা গেছে, আগামী সপ্তাহে আবারও তাকে সমন পাঠাবে ইওডব্লিউ। এ তদন্তকারী সংস্থা জ্যাকুলিনকে বলেছে, সুকেশের কাছ থেকে পাওয়া উপহারের একটি তালিকা তৈরি করে পরবর্তী হাজিরার দিন সঙ্গে করে নিয়ে আসতে। জানা গেছে, এবার জেরার মুখে জ্যাকুলিন দুবার ভেঙে পড়েছিলেন। মধ্যাহ্নভোজ সারতে ইওডব্লিউ অভিনেত্রীকে হোটেলে যাওয়ার অনুমতি দিয়েছিল। কিন্তু জ্যাকুলিন যেতে চাননি। ইওডব্লিউর কর্মকর্তারা তাদের ক্যানটিন থেকে সাধারণ খাবার আনিয়েছিলেন জ্যাকুলিনের জন্য। এই বলিউড নায়িকা পুলিশ ক্যানটিনের খাবারই খেয়েছেন। জানা গেছে, জেরার সময় জ্যাকুলিন বেশ কিছু প্রশ্নের জবাব দেওয়ার সময় সহজ থাকতে পারেননি। দু-একটা প্রশ্ন তিনি এড়িয়ে গেছেন। জ্যাকুলিন জানিয়েছেন, তার এক পরিচিত ২০১৩ সালে একটা খবরের পেপার কাটিং তাকে দেখিয়েছিল। তাতে সুকেশের কীর্তিকলাপের কথা লেখা ছিল। এটা দেখার পর সুকেশের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়ে দূরত্ব বজায় রেখেছিলেন বলে জানান জ্যাকুলিন।
পুলিশ জানিয়েছে, মামলাটিতে এমন কিছু বিষয় আছে, যা স্পষ্ট হওয়া জরুরি। তবে এ মামলার সঙ্গে নোরা ও জ্যাকুলিনের সরাসরি কোনো সম্পর্ক তারা এখনো পর্যন্ত খুঁজে পাননি। চলতি মাসের শুরুর দিকে ইওডব্লিউ নোরাকে একবার জিজ্ঞাসাবাদ করেছিল। তখন প্রায় ছয় ঘণ্টা ধরে তাকে জেরা করা হয়েছিল। সেদিন ৫০টিরও বেশি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল নোরাকে। ইওডব্লিউর অভিযোগ, সুকেশ চন্দ্রশেখর নোরাকে বহুমূল্যের বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছিলেন। তবে নোরা তার বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করেছেন। এই বলিউড অভিনেত্রী জানিয়েছেন, বিএমডব্লিউ গাড়ি সুকেশ নয়, তার স্ত্রী লিনা মারিয়া দিয়েছিলেন। চেন্নাইয়ের এক অনুষ্ঠানে হাজির থাকার বিনিময়ে লিনার কাছ থেকে এ গাড়ি পেয়েছিলেন বলে জানিয়েছেন নোরা।