আসন্ন জেলা পরিষদ নির্বাচনে পাঁচ জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে একক প্রার্থী হিসেবে তারা নিজ নিজ জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। জেলাগুলোর মধ্যে রয়েছে সিলেট, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, টাঙ্গাইল ও চাঁপাইনবাবগঞ্জ। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খান। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তা জমা দেননি অন্য প্রার্থী ড. এনামুল হক সরদার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সরে দাঁড়ানোর কারণটা না হয় অজানাই থাকুক। সরে দাঁড়ানোটা একান্ত ব্যক্তিগত হলেও আমি শুভাকাক্সক্ষী ও ভোটার সবার কাছে ক্ষমাপ্রার্থী।’
নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী চন্দন শীল। একই পদে জাতীয় পাটি সমর্থিত জয়নাল আবেদীন নামে একজন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জমা দেননি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এবং নির্বাচন অফিসার মতিয়ুর রহমান।
গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুন্সি আতিয়ার রহমান ছাড়া চেয়ারম্যান পদে আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।
টাঙ্গাইল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকই শুধু মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থিতা প্রত্যাহার ও যাচাই-বাছাই শেষে একক প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী রুহুল আমীন ছাড়া কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সদস্য পদে মনোনয়ন দাখিল করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত সদস্য পদের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।