এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে আজ শনিবার অনুষ্ঠেয় বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের বহুনির্বাচনী (নৈর্ব্যক্তিক) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে শুধু সৃজনশীল পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর বহুনির্বাচনী পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহসান হাবীব। গতকাল বিকেলে যশোর শিক্ষা বোর্ডের অধীনে সব জেলা প্রশাসককে এ বিষয়ে চিঠি দিয়ে জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, অনিবার্য কারণবশত ১৭ সেপ্টেম্বর (আজ) অনুষ্ঠেয় বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র (১০২) বিষয়ের বহুনির্বাচনী (নৈর্ব্যক্তিক) পরীক্ষা স্থগিত করা হলো।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানিয়েছেন, পরীক্ষার প্রথম দিন গত বৃহস্পতিবার নড়াইলের দুই স্থানে ভুল করে বাংলা প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণ করা হয়েছিল। এ কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও উল্লিখিত বিষয়ে অন্য গ্রুপের প্রশ্ন আছে, কিন্তু যাতে পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কোনো প্রশ্ন না ওঠে সে কারণে পরবর্তীকালে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে মাধব চন্দ্র রুদ্র গতকাল সন্ধ্যায় বলেন, ‘নড়াইলের ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিকল্প প্রশ্ন থাকা সত্ত্বেও আমরা ঝুঁকি নিইনি।’