যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড প্যাটাগোনিয়া। মালিক ইয়োভন চৌইনার্ড। দীর্ঘ ৫০ বছরের পরিশ্রমে দাঁড় করিয়েছেন সংস্থাকে। এই সময়ে দেখেছেন পৃথিবীর নানা পরিবর্তন। রাজনীতি, সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের নানা ধাপ পেরিয়ে তিনি প্রতিষ্ঠা পেয়েছেন ধনকুবের হিসেবে। গেল বছর তার প্রতিষ্ঠানের বেচাকেনা ছিল দেড়শ কোটি ডলারেরও বেশি। তার স্থায়ী সম্পদের পরিমাণও শতকোটি ডলারের ওপর। কিন্তু জলবায়ু পরিবর্তনের অভিঘাত রুখতে তিনি তার সব সম্পদ দিয়ে দিয়েছেন একটি ট্রাস্টকে। বলেছেন, এখন থেকে তার সম্পদের একমাত্র অংশীদার পৃথিবী।
বিবিসি জানিয়েছে, প্যাটাগোনিয়া কোম্পানির বর্তমান মূল্য ৩০০ কোটি ডলারের বেশি। সেই বিপুল অর্থ এবং এর লভ্যাংশ পৃথিবীর জলবায়ু সংকট মেটাতে দান করছেন প্রতিষ্ঠানের মালিক ইয়োভন চৌইনার্ড।
তিনি জানিয়ে দিয়েছেন, কোম্পানির যাবতীয় আয় দান করা হবে জলবায়ু সংকট মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষা এবং বনভূমি রক্ষার কাজে। যেসব বিশেষজ্ঞ ও সংস্থা এই বিষয়ে কাজ করছেন তাদের নিয়মিতভাবে টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছেন ইয়োভন। তার স্ত্রী ও দুই সন্তানও একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তের কথা কোম্পানির ওয়েবসাইটে পোস্ট করেছেন ইয়োভন। লিখেছেন, ‘এই মুহূর্ত থেকে আমাদের একমাত্র শেয়ার হোল্ডার এই পৃথিবী। সবুজ পৃথিবীকে বাঁচানোর জন্যই ব্যবসার কথা ভুলে কোম্পানির সম্পদ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলাম।’
ওই ব্যবসায়ী আরও বলেছেন, ‘জলবায়ু সংকট ঠেকাতে এখন যা কাজ হচ্ছে, তা যথেষ্ট নয় বলেই মনে করি। এই সংকট থেকে বেরিয়ে আসতে গেলে প্রচুর অর্থ দরকার। তাই প্রথমে ভেবেছিলাম আমার এই সংস্থা বেঁচে দেব। কিন্তু তারপর কর্মীদের কথা ভেবে পিছিয়ে এসেছি। তাই কোম্পানি কোম্পানির মতো চলবে, কর্মীরা বেতন পাবেন। শুধু লভ্যাংশ চলে যাবে জলবায়ু সংকট মেটানোর কাজে।’