নিলামে উঠছে কার্নেট সুবিধায় আনা ৭৯ গাড়ি

চট্টগ্রাম বন্দর দিয়ে কার্নেট সুবিধায় আনা বিশ্বের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ৭৯ বিলাসবহুল গাড়ি এবার নিলামে তুলছে কাস্টমস। খালাস না নেওয়ায় দীর্ঘদিন ধরে এসব গাড়ি বন্দরে পড়েছিল। কাস্টমস সূত্র জানিয়েছে, এবার প্রচলিত নিলামের পাশাপাশি ই-অকশন পদ্ধতিতেও এসব গাড়ির নিলামে অংশ নেওয়ার সুযোগ থাকছে।

চট্টগ্রাম কাস্টম হাউজের উপকমিশনার মো. মাহফুজ আলম জানান, নিলামে অংশ নিতে আগ্রহীরা ২২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ২৫ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত কাস্টম হাউজ চট্টগ্রাম ও জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটের ই-অকশন লিংকে দরপত্র দাখিল করতে পারবেন। পাশাপাশি ২২ সেপ্টেম্বর অফিস চলাকালীন এবং ২৫ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা (প্রশাসন), চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়, কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের (ঢাকা-দক্ষিণ) ডেপুটি কমিশনার (সদর), কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের (সিলেট) ডেপুটি কমিশনার (সদর) ও মোংলা কাস্টম হাউজের নিলাম শাখায় রক্ষিত টেন্ডার বাক্সে খামবন্ধ দরপত্র জমা দেওয়া যাবে।

কাস্টম হাউজের নিলাম শাখা সূত্রে জানা যায়, এবারের নিলামের জন্য রাখা ৭৯ গাড়ির মধ্যে রয়েছে বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার, ল্যান্ড রোভার, জাগুয়ার, লেক্সাস, মিটসুবিশিসহ বিশ^খ্যাত ব্র্যান্ডের গাড়ি। জাতীয় রাজস্ব বোর্ড, বাণিজ্য মন্ত্রণালয়, কাস্টমস ও বিআরটিএ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ইনভেন্ট্রি কমিটির দাখিল করা প্রতিবেদনের ভিত্তিতে এসব গাড়ি নিলামে তোলা হচ্ছে। গাড়িগুলো নিলামে বিক্রির জন্য ইতিমধ্যে কাস্টম হাউজ, চট্টগ্রাম নিজস্ব উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স পারমিট (সিপি) সংগ্রহ করেছে। তাই নিলাম ক্রেতাকে আগের মতো বাণিজ্য মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পারমিট সংগ্রহ করতে হবে না।