গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী মঞ্চের পেছনে একগুচ্ছ গ্যাসের বেলুনে বিস্ফোরণে কৌতুক অভিনেতাসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলন শুরুর আগে এ ঘটনা ঘটে। গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। অন্য দগ্ধরা হলেন মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল পুলিশ লাইনস মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। প্রধান বক্তা হিসেবে ছিলেন আইজিপি ড. বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথিসহ অন্যদের উদ্বোধনী মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের হাতে বেশ কিছু বেলুন দেওয়া হয় উড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু বারবার চেষ্টা করলেও বেলুনগুলো উড়ছিল না। পরে পায়রা উড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যরা মূল মঞ্চে চলে যান। কয়েকজন পুলিশ সদস্য বেলুনগুলো মঞ্চের পেছনে নিয়ে গিয়ে বেলুন বিক্রেতাকে বকাঝকা করেন। তখন বেলুন বিক্রেতা নিজেই বেলুনে আগুন লাগিয়ে ওড়ানোর চেষ্টার করার সময় বিস্ফোরণ ঘটে। এতে পাশে বসে থাকা কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। তাদের দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে আবু হেনা রনি, মোশাররফ হোসেন ও জিল্লুর রহমানকে ঢাকায় পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আবু সায়েম নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দগ্ধদের চিকিৎসা দেওয়া হয়েছে। তারা বর্তমানে আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।