বহুমুখী শিল্পের প্রবক্তা বসুন্ধরা এমডির ২১ বছর

দেশ ও মানুষের কল্যাণ সাধনে স্বপ্ন বুনেছিলেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্বপ্নদ্রষ্টা আহমেদ আকবর সোবহান। সেখান থেকে সম্ভাবনার দুর্গম গন্তব্যের মাঝখানে দাঁড়িয়ে বসুন্ধরা গ্রুপের নাটাই হাতে ধরেছিলেন তার ছেলে সায়েম সোবহান আনভীর। তারপর একে একে কেটে গেছে একুশটি বছর। সেই তরুণ-তুর্কি নিজের চিহ্ন এঁকে এসেছেন সাফল্যের মোড়ে মোড়ে। আগামীর পথে তাকিয়ে বের করে এনেছেন নতুন অমিত সম্ভাবনা। লাখো মানুষের চোখে ছড়িয়ে দিয়েছেন আলোর দিশা। দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে গত শুক্রবার ২১ বছর পূর্ণ হয়েছে তার। সফল উদ্যোক্তা সায়েম সোবহান আনভীরের এই সাফল্যগাথা উজ্জীবিত করছে স্বপ্নবাজ তরুণদের।

সেই ২০০১ সালের কথা। মাত্রই লন্ডনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ (ব্যবসায় প্রশাসনে স্নাতক) সম্পন্ন করে দেশে ফিরেছেন সায়েম সোবহান আনভীর। তখনই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ছেলে সায়েম সোবহান আনভীরের চোখে খুঁজে পান নিজের দেখা স্বপ্নপূরণ করার নেশা। বিকল্প চিন্তা না করে তাই সেই ছোট্ট আনভীরের কাঁধে তুলে দেন বসুন্ধরা গ্রুপের মতো বড় শিল্প গ্রুপের গুরুদায়িত্ব। নতুন কিছু জয়ের আশায় সেদিন নতুন পথে পা রেখেছিলেন সায়েম সোবহান আনভীর। 

তারপর নানা চড়াই-উতরাই পেরিয়ে বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীর প্রমাণ করেছেন বাবার দেখা ভবিষ্যৎ। বাবার আস্থার পূর্ণ মর্যাদা দিয়ে গেছেন। ব্যবসা আধুনিকীকরণের পাশাপাশি নানামুখী খাতে সম্প্রসারণের মধ্য দিয়ে পদে পদে রেখে গেছেন সাফল্যের চিহ্ন। তার নেতৃত্ব ও নির্দেশনায় বসুন্ধরা গ্রুপ হয়ে উঠেছে দেশের অন্যতম শীর্ষ করপোরেট প্রতিষ্ঠান। সৃষ্টি করেছেন অভাবিত সংখ্যক কর্মসংস্থান।

আবাসন খাতে সুপরিচিত বসুন্ধরা গ্রুপ এখন আর একটি-দুটি খাতে সীমাবদ্ধ নেই। দীর্ঘ তিন দশকের পথচলায় এই শিল্প গ্রুপটি দেশমাতৃকার অভূতপূর্ব উন্নয়নেও অন্যতম অংশীদার। আর এর বিরাট অংশজুড়েই রয়েছে তরুণ-তুর্কি সায়েম সোবহান আনভীরের অসামান্য অবদান। বসুন্ধরা গ্রুপের বয়সের অর্ধেকের বেশি সময় ধরে এর নেতৃত্ব সায়েম সোবহান আনভীরের হাতে। এই দীর্ঘ সময়ে এমডির অক্লান্ত পরিশ্রম, সততা, নিষ্ঠা ও আন্তরিকতায় বসুন্ধরা গ্রুপ উন্মোচিত করেছে সাফল্যের বহু দুয়ার। বসুন্ধরা গ্রুপকে দুর্বার গতিতে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সায়েম সোবহান আনভীরও পেরিয়েছেন অনেক মাইলফলক।

ব্যবসায়িক পরিচিতির বাইরে দানশীল হিসেবে সায়েম সোবহান আনভীরকে হয়তো অনেকেই চেনেন না। কেননা তিনি দান করেন নীরবে। খুব কাছ থেকে যারা তাকে দেখেছেন, তারাই বলতে পারেন সায়েম সোবহান আনভীরের উদার মানসিকতা সম্পর্কে। মানুষের সেবায় সবসময় কাজ করে যাচ্ছেন তিনি। ব্যক্তি থেকে প্রতিষ্ঠান সবার প্রতি উদার হয়ে হাত বাড়িয়ে দেন। শুধু অর্থ দিয়েই ক্ষান্ত নন, নিজের মূল্যবান সময় এবং সৃজনশীলতা বিনিয়োগ করছেন সমাজের টেকসই পরিবর্তনে। করপোরেট, গণমাধ্যম, ক্রীড়া ও সমাজসেবায় অবদান রাখায় তিনি জাতীয় ও আন্তর্জাতিক নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।

সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি এবং ব্যবসায়িক দক্ষতার পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন বহুমুখী শিল্পের প্রবক্তা সায়েম সোবহান আনভীর। নৈতিকতা এবং প্রগতিশীল ধারণা তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। শিল্প খাতের টাইটান হিসেবে তিনি দেশি-বিদেশি বহু ব্যবসায়িক ফোরামের সঙ্গে সম্পৃক্ত।