ডিইপিজেডে ২৫.৬২ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ

হংকং-শ্রীলঙ্কা-সুইজারল্যান্ড মালিকানাধীন কোম্পানি মেসার্স গাভা প্রাইভেট লিমিটেড ঢাকা ইপিজেডে একটি পোশাক প্রস্তুতকারী শিল্প স্থাপন করতে যাচ্ছে। সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানটি ২ কোটি ৫৬ লাখ ডলার বিনিয়োগ করবে, যেখানে ৩ হাজার ৮৬ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

ত্রিদেশীয় এ প্রতিষ্ঠানটি বার্ষিক ৪৪ লাখ পিস জ্যাকেট, ফ্লিজ জ্যাকেট, টি-শার্ট, পোলো শার্ট, সোয়েটার, ট্রাউজারস, কভেরাল, স্টিচ প্যান্ট, ডেনিম প্যান্ট, শর্টস, শার্ট, সোয়েট শার্ট, হাই ভিস শার্ট ও ভেস্ট উৎপাদন করবে।

ঢাকা ইপিজেডের নিটিং ও টেক্সটাইল কারখানা এ-ওয়ান বিডি লিমিটেড ব্যবসায়িক মন্দার কারণে বন্ধ হয়ে যায়। বিনিয়োগের ধারা অব্যাহত রাখা ও শ্রমিকদের কর্মসংস্থানের কথা বিবেচনা করে বেপজা কারখানাটি নিলাম প্রক্রিয়ার ব্যবস্থা গ্রহণ করে। পরে গাভা প্রাইভেট লিমিটেড নিলাম প্রক্রিয়ার মাধ্যমে এ-ওয়ান বিডি কোম্পানিটি ক্রয় করে তাদের ব্যবসা পরিচালনার লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষর করে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং মেসার্স গাভা প্রাইভেট লিমিটেডের পরিচালক প্রসন্ন কুমার জয়সিংহে গতকাল রবিবার ঢাকায় বেপজা কমপ্লেক্সে এ উপলক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তি স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। বিজ্ঞপ্তি