বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বাংলাদেশ সফরে আসছেন। আজ সোমবার তিনি ঢাকায় পৌঁছাবেন। দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশে এটিই হবে তার প্রথম সফর। গতকাল রবিবার বিশ্বব্যাংকের ঢাকা অফিসের জনসংযোগ কর্মকর্তা মেহরিন আহমেদ মাহবুব এ তথ্য জানান।
মেহরিন আহমেদ মাহবুব জানান, তিন দিনের এই সফরে রাইজার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি তিনি উন্নয়ন সহযোগী, বেসরকারি খাতের নেতা, সুশীল সমাজ এবং নীতিনির্ধারণী পর্যায়ের বিভিন্নজনের সঙ্গেও বৈঠক করবেন।
তিনি জানান, মার্টিন রাইজার বলেছেন, ‘বাংলাদেশ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বাংলাদেশের ৫০ বছর ধরে এই অসাধারণ অগ্রযাত্রায় অংশীদার হতে পেরে বিশ্বব্যাংক গর্বিত। দক্ষিণ এশিয়ার দেশগুলো যখন কভিড থেকে জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান বৈশ্বিক মুদ্রাস্ফীতির বহুবিধ ধাক্কার মুখোমুখি হচ্ছে, তখন আমি স্থিতিস্থাপকতা তৈরিতে বাংলাদেশের অভিজ্ঞতা সম্পর্কে জানার অপেক্ষায় আছি।’