বেনাপোলে বিজিবি ও রেল পুলিশের সংঘর্ষে আহত ৩

খুলনা-কলকাতা রুটের ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশিকে কেন্দ্র করে বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সংঘর্ষে রেল পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

গতকাল রবিবার বিকেলে ভারত থেকে আসা ট্রেনটি বেনাপোল স্টেশনে এসে পৌঁছানোর পর বিজিবি সদস্যরা তল্লাশি করতে গেলে  মমিন হোসেন নামে রেল পুলিশের এক সদস্যের সঙ্গে ছবি তোলা নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ধস্তাধস্তি হলে রেল পুলিশের তিন সদস্য আহত হন।

আহত রেল পুলিশের সদস্যরা হচ্ছেন, মো. সেতাফুর রহমান, মো. ইনতাজুল হক ও মো. মমিন।  

বেনাপোল রেল স্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, ‘কাস্টমস কর্মকর্তা ছাড়া ট্রেনে যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা যাবে না রেল পুলিশের পক্ষ থেকে জানানোর পর বিজিবি সদস্যরা মারমুখী আচরণ করে। পরে বিজিবির ২০-২২ জনের একটি টিম এসে রেল পুলিশের সদস্য মো. মমিনকে তাদের গাড়িতে তুলে ক্যাম্পে নিয়ে যায়। এ সময় অন্য রেল পুলিশ সদস্যরা বাধা দিলে বিজিবি তাদের ওপর হামলা চালায়। আহতদের মধ্যে মো. সেতাফুর রহমান ও মো. ইনতাজুল হককে আহতাবস্থায় নাভারন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সাহেদ মো. মিনহাজ সিদ্দিকী জানান, সামান্য ঘটনায় উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি দ্রুত মীমাংসা হয়ে যাবে।