ডেল্টা লাইফ থেকে প্রশাসক প্রত্যাহার

মামলা-পাল্টা মামলাসহ নানা নাটকীয়তা শেষে দেড় বছরেরও বেশি সময় পর পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবনবীমা কোম্পানি ডেল্টা লাইফ ইনস্যুরেন্স থেকে প্রশাসক প্রত্যাহার করে নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে ডেল্টা লাইফ পরিচালনায় নতুন পর্ষদকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল সোমবার এ বিষয়ে দুটি পৃথক আদেশ জারি করেছে আইডিআরএ।

নিয়ন্ত্রক সংস্থাটির নির্দেশনা অনুযায়ী, আজ মঙ্গলবার থেকে নতুন পর্ষদ দায়িত্ব পালন করবে। ডেল্টা লাইফের নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে হাফিজ আহমেদ মজুমদার এবং ভাইস চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মো. জুনায়েদ শফিককে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেল্টা লাইফের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আদিবা রহমান, ডেল্টা লাইফের সাসপেন্ডেড পরিচালনা পর্ষদে থাকা সুরাইয়া রহমান ও জেয়াদ রহমান। এদের পাশাপাশি সাকিব আজিজ চৌধুরী, চাকলাদার রেজানুল আলম এবং সাকিব আজাদ কোম্পানিটির নতুন পরিচালনা পর্ষদে রয়েছেন। শর্তসাপেক্ষে নতুন পর্ষদকে কোম্পানি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

জীবন বীমা তহবিল বাড়িয়ে দেখানো, অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়সহ নানা অনিয়মের অভিযোগ তুলে গত বছরের ১১ ফেব্রুয়ারি ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদ বরখাস্ত করে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। সেই সঙ্গে আইডিআরএ’র সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরে গত দেড় বছরে ৩ দফায় প্রশাসক পরিবর্তন করা হয়। বর্তমানে প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন আইডিআরএ’র সাবেক সদস্য কুদ্দুস খান, যাকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

নিয়ন্ত্রক সংস্থার তৎকালীন চেয়ারম্যান মোশাররফ হোসেনের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, মামলা-পাল্টা মামলাসহ নানা ঘটনায় আইডিআরএ’র সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে ডেল্টা লাইফের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই দিনে কোম্পানিটির বিরুদ্ধে ৩৫ কোটি টাকার ভ্যাট ফাঁকির মামলাও করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

২০২০ সালের ৮ ডিসেম্বর ডেল্টা লাইফের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা হয়, আইডিআরএ চেয়ারম্যান এম মোশাররফ হোসেন ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেছেন। দুদকে অভিযোগ করার পর ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করেও একই অভিযোগ করা হয়। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফের সাবেক সিইও আদিবা রহমান। ডেল্টা লাইফ থেকে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করার এক সপ্তাহেরও কম সময়ে কোম্পানিটিতে প্রশাসক নিয়োগ দেয় আইডিআরএ।

ডেল্টা লাইফে প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া সুলতান-উল-আবেদীন মোল্লা পরে মাস্ক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। ডেল্টা লাইফে প্রশাসক থাকা অবস্থায় কোনো দরপত্র আহ্বান ছাড়া নিয়মবহির্ভূতভাবে মাস্ক কেনার অভিযোগে তাকে কারাগারেও যেতে হয়। আর ডেল্টা লাইফ নিয়ে জড়ানো বিতর্কের জেরে মেয়াদ শেষের আগেই আইডিআরএ’র চেয়ারম্যান পদ ছাড়তে হয় এম মোশাররফ হোসেনকে।

গতকাল আইডিআরএ’র জারি করা নির্দেশনায় কোম্পানি পরিচালনায় নতুন পর্ষদকে বেশকিছু শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে কোম্পানির আর্থিক বিবাদী সম্পর্কিত তথ্যাদি উদঘাটনে নতুন করে অডিট ফার্মের মাধ্যমে কার্যক্রম সম্পাদন করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিপূর্বে নিরীক্ষিত বিষয়াবলি শুনানিসাপেক্ষে নিষ্পত্তির পাশাপাশি পুনর্গঠিত পরিচালনা পর্ষদ কর্তৃক দ্রুততম সময়ের মধ্যে এক বছরের ব্যবসায়িক কৌশলপত্র প্রদান করতে হবে এবং তার অগ্রগতি প্রতিমাসে কর্তৃপক্ষের নিকট দাখিল করতে হবে।

এ ছাড়া বীমা আইন ও অন্যান্য আরোপিত বিধিনিষেধ পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে অতি দ্রুত একজন দক্ষ এবং গ্রহণযোগ্য মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ করতে হবে। কর্তৃপক্ষ কর্তৃক পূর্বে আরোপিত জরিমানা আইন অনুযায়ী বিবেচিত হবে বলে জানিয়েছে আইডিআরএ। পুনর্গঠিত পরিচালনা পর্ষদ কোম্পানির পরবর্তী বার্ষিক সাধারণ সভা আগামী ৩১ ডিসেম্বর মধ্যে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে পারে। পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক হিসেবে মন্ত্রণালয়ের একজন উপযুক্ত প্রতিনিধিকে (যুগ্ম সচিবের নিম্নে নয়) নিয়োজিত করার কথাও জানিয়েছে আইডিআরএ।