মাংসজাতীয় পণ্য রপ্তানিতে ২০% পর্যন্ত নগদ সহায়তা

এতদিন শুধু হালাল মাংস রপ্তানিতে নগদ সহায়তা মিলত। এখন শুধু হালাল মাংস নয়, মাংসজাতীয় ৪৩টি পণ্যের রপ্তানিতে নগদ সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। এ জাতীয় পণ্য রপ্তানি করলে ২০ শতাংশ হারে সহায়তা দেওয়া হবে। চলতি ২০২২-২৩ অর্থবছরে নগদ সহায়তার তালিকায় এ পণ্য যুক্ত করা হয়েছে। গতকাল সোমবার এক প্রজ্ঞাপনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চলতি অর্থবছরে নগদ সহায়তা পাবে এমন তালিকায় এবার মাংস থেকে উৎপাদিত প্রক্রিয়াজাত পণ্য যুক্ত হলো। এ খাতে রপ্তানির বিপরীতে ১ থেকে ২০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা পাবেন উদ্যোক্তারা।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, চলতি ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে বস্ত্র খাতের পাঁচটি উপ-খাতসহ ৪৩টি পণ্য রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা পাবে। গত অর্থবছরের মতো এবারও ১ শতাংশ থেকে ২০ শতাংশ হারে নগদ সহায়তা প্রযোজ্য থাকছে।

চলতি অর্থবছরে হালাল মাংসের সঙ্গে শতভাগ হালাল উপায়ে প্রক্রিয়াকৃত মাংসজাত পণ্য ১০ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে। সফটওয়্যার ও আইটি সেবা রপ্তানির বিপরীতে ব্যক্তিপর্যায়ে ফ্রিল্যান্সাররা ৪ শতাংশ হারে নগদ সহায়তা পাবেন। তবে বস্ত্র খাতে যুক্তরাজ্যে রপ্তানির ক্ষেত্রে বাজার সম্প্রসারণ সহায়তা প্রযোজ্য হবে না। গত বছরের মতো চলতি অর্থবছরেও বেজা, বেপজা ও হাইটেক পার্কে অবস্থিত প্রতিষ্ঠানের অনুকূলে সংশ্লিষ্ট পণ্য খাতে নগদ সহায়তা প্রয়োজ্য থাকছে।