গাজীপুরে বেলুন বিস্ফোরণ

পুলিশের মামলায় গ্রেপ্তার ৩, দুর্ঘটনা বললেন আইজিপি

গাজীপুর মহানগর পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় বিস্ফোরণের ঘটনায় বেলুন সরবরাহের দায়িত্বে থাকা মো. বাবুল, মানিক ও কিবরিয়াকে আসামি করে গত শনিবার রাতে মামলা করে পুলিশ। গতকাল ওই তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম।

গত শুক্রবার সন্ধ্যায় জিএমপির চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনি, গাজীপুর জেলা পুলিশের কনস্টেবল মোশারফ হোসেন, গাছা থানার কনস্টেবল রুবেল মিয়া ও ইমরান হোসেন এবং টঙ্গী পূর্ব থানার কনস্টেবল জিল্লুর রহমান দগ্ধ হন। প্রথমে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবু হেনা রনি ও কনস্টেবল জিল্লুর রহমানকে পাঠানো হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। গতকাল সেখানে রনি এবং কনস্টেবল জিল্লুরকে দেখতে যান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আইজিপি তাদের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন। উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি বলেন, এটি নিছক দুর্ঘটনা। আমরা এ দুর্ঘটনার পরপরই অতিদ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি। হাসপাতালের চিকিৎসকরাও সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তাদের চিকিৎসা দিচ্ছেন। রনি ও জিল্লুর দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন আইজিপি। তিনি তাদের জন্য দেশবাসীর কাছেও দোয়া চান। সে সময় আইজিপির সঙ্গে ডাক্তার সামন্ত লাল সেনসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা, ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (রমনা বিভাগ) মো. শহিদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে গ্যাস বেলুন বিস্ফোরণে আহত হওয়ার ঘটনা তদন্তে গাজীপুর মহানগর পুলিশের ডিসি (উপকমিশনার, উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল ছিল প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন।