দুই রিকশাচালকের ৩৬১০ টাকা ছিনিয়ে নিল কনস্টেবল

গাজীপুরে পুলিশ পরিচয়ে রিকশাচালকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে এক পুলিশ সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে বাসন থানার পুলিশ। রবিবার রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর সড়কের ওডেসা গার্মেন্টসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো টাঙ্গাইলের কালিহাতী থানার ছুনুটিয়া গ্রামের আ. জলিল তালুকদারের ছেলে জেলা পুলিশের সদস্য মনির হোসেন তালুকদার (২৮) ও তার সহযোগী টাঙ্গাইলের দেলদুয়ার থানার গড়াসিন গ্রামের রতন সরকারের ছেলে সজীব সরকার (২৭)।

এ ঘটনায় রিকশাচালক মো. বাচ্চু মন্ডল বাদী হয়ে ওই দুজনের বিরুদ্ধে বাসন থানায় মামলা করেছেন। গতকাল সোমবার আসামিদের গাজীপুর আদালতে নেওয়া হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯টার দিকে রিকশাচালক মো. বাচ্চু মন্ডল চান্দনা এলাকা থেকে রিকশা চালিয়ে চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর সড়কের ওডেসা গার্মেন্টসের কাছে এসে পৌঁছালে মনির হোসেন তালুকদার ও সজীব সরকার নিজেদের পুলিশ পরিচয় দেয়। এক পর্যায়ে তারা রিকশার সামনে এসে দাঁড়িয়ে রিকশা থামাতে বলে। রিকশাচালকের কাছে অবৈধ জিনিসপত্র আছে বলে তাকে গ্রেপ্তারের ভয়ভীতি দেখিয়ে চড়থাপ্পড় মেরে জোরপূর্বক তার শার্টের পকেট হতে নগদ ৬১০ টাকা কেড়ে নেয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন আরেক রিকশাচালক মো. শাহিন সেখানে এসে জানায়, ওই দুই ব্যক্তি কিছুক্ষণ আগে পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকেও তিন হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। বাসন থানা পুলিশ খবর পেয়ে পুলিশ সদস্য মনির হোসেন তালুকদার ও তার সহযোগী সজীব সরকারকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে দুই রিকশাচালকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধার করা হয়।

উপস্থিত লোকজনদের সামনে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে আটককৃতরা দুই রিকশাচালকের কাছ থেকে টাকা কেড়ে নেওয়ার কথা স্বীকার করেছে।

বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, গ্রেপ্তারকৃত মনির হোসেন তালুকদার জেলা পুলিশের সদস্য। তিনি ডেপুটেশনে সরকারি একটি গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্বপালন করে আসছিলেন।