পুলিশের অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণ ঘটনায় গ্রেপ্তার ৩

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।

সোমবার সন্ধ্যায় ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন মো. বাবুল, মনিক ও কিবরিয়া। তারা বেলুন সরবরাহ, বেলুন আনা এবং বেলুনে গ্যাস ভরার সঙ্গে জড়িত।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বেলুন বিস্ফোরণের ঘটনায় গত শনিবার রাত সাড়ে ১১টায় সদর থানার উপপরিদর্শক মোসাব্বির হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।

মামলায় অনুষ্ঠানে বেলুন সরবরাহের দায়িত্বে থাকা তিনজনকে আসামি করা হয়।

শুক্রবার সন্ধ্যায় জিএমপি’র ৪র্থ বর্ষপূর্তির অনুষ্ঠানের মঞ্চের পূর্ব পাশে ছোট উদ্বোধন মঞ্চে ওড়ানোর জন্য কিছু গ্যাস বেলুন নেওয়া হয়। কিন্তু বারবার চেষ্টা করলেও বেলুনগুলো উড়ছিল না। পরে কয়েকজন পুলিশ সদস্য এতে সেই বেলুনগুলি মঞ্চের পেছনে নিয়ে যায় পরে পায়রা উড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্য অতিথিরা অনুষ্ঠানের মূল মঞ্চে চলে যান।

তারা মূল মঞ্চে চলে যাওয়ার কিছু সময় পর কয়েকজন পুলিশ সদস্য বেলুন বিক্রেতাকে বকাঝকা করলে বেলুন বিক্রেতা নিজেই বেলুনগুলো উড়ানোর চেষ্টা করার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনি, গাজীপুর জেলা পুলিশের কনস্টেবল মোশারফ হোসেন, গাছা থানার কনস্টেবল রুবেল মিয়া ও ইমরান হোসেন, টঙ্গী পূর্ব থানার কনস্টেবল জিলুর রহমান আহত হয়ে নিচে লুটিয়ে পড়েন।

পরে আশপাশের পুলিশ সদস্যরা তার গায়ে পানি ঢেলে আগুন নেভায় এবং গাড়িতে করে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আবু হেনা রনি ও কনস্টেবল জিল্লুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।