উত্তাল বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৬ জেলে উদ্ধার

লঘুচাপের প্রভাবে ফের উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। সোমবার সকাল থেকেই পটুয়াখালীর উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।

সাগর উত্তাল থাকয় এদিন বিকেল থেকেই শিববাড়িয়া নদীতে ফিরে আসছে শুরু করেছে গভীর সাগরে মাছ শিকারি সহ¯্রাধিক ট্রলার। দুঃশ্চিন্তায় পড়েছে জেলার আমন ধানসহ সবজি চাষিরা।

এদিকে বঙ্গোপসাগরে ঢেউয়ের তোড়ে পড়ে তলা ফেটে জেলার রাংগাবালির কোড়ালিয়া গ্রামের জাফর মাঝি একটি মাছধরা ট্রলার সাগরে নিমজ্জিত হয়েছে।

মঙ্গলবার সকালে চর তুফানিয়া এলাকায় ডুবে যাওয়া এ ট্রলারের মাঝিসহ ৬ জেলেকে উদ্ধার করেছে পাশের একটি ট্রলার।

ট্রলার মালিক জাফর মাঝি বলেন, সাগর শান্ত থাকায় ট্রলার নিয়ে তুফানিয়া চরের কাছাকাছি মাছ ধরতে ছিলাম। সকাল থেকে হঠাৎ উত্তাল হয়ে ওঠে সমুদ্র। বড় বড় ঢেউ আছড়ে পড়ছিল। ঢেউয়ের ঝাপটায় ট্রলারের তলা ফেটে ভেতরে পানি প্রবেশ করে অস্তে আস্তে ডুবতে থাকে। আশপাশের জেলেরা এসে তাদের ৬ জনকেই উদ্ধার করে। তিনি ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।

অলিপুর-মহিপুর মৎস্য আড়তদার ও ট্রলার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, সোমবার বিকেল থেকে আজ (মঙ্গলবার) সকাল পর্যন্ত অধিকাংশ ট্রলার ফিরে এসেছে।

উপকূলীয় এলাকায় দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।