দিনাজপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
হাসপাতালে স্টোর রুমে মঙ্গলবার দুপুর দেড়টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি হাসপাতালে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালের স্টোর রুমে পুরাতন জিনিসপত্র ও বেডের জন্য পুরাতন ফোম ছিল। সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে হাসপাতাল ও ফায়ার সার্ভিস ধারণা করছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পারভেজ সোহেল রানা জানান, হাসপাতালের চতুর্থ তলায় ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ বিভাগের কাজ চলমান রয়েছে। সেখানে কর্মরত শ্রমিকদের ফেলে দেয়া সিগারেট থেকে স্টোর রুমের আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি। স্টোর রুমের পুরোনো মালামালগুলোর তালিকা তৈরি করা হয়েছে। সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে নির্দেশনা আসলে সেই মালামালগুলো বিনষ্ট করা হবে। এই ঘটনায় কেউ আহত হয়নি।
দিনাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মনজিল হক জানান, হাসপাতালে কর্তৃপক্ষ থেকে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিগারেট থেকে স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিক ধারণা করছি।
উল্লেখ্য, ২০২০ সালের ২ সেপ্টেম্বর একই স্টোর রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় দেড় ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হাসপাতালের চিকিৎসাধীন সকল রোগীকে তাৎক্ষণিক দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।