১২ বছর পর পার্বতীপুর পৌরসভায় নির্বাচন

১১ বছর ৯ মাস ৫ দিন দীর্ঘ অপেক্ষার পর ২ নভেম্বর দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমান পৌর নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।

পৌর নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার ও পার্বতীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী পার্বতীপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ১০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১২-১৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ১৬ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর।প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১১ সালের ২৭ জানুয়ারী পার্বতীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নিয়মানুযায়ী প্রতি ৫ বছর পর পর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের বিধান থাকলেও পার্বতীপুর পৌরসভার আয়তন বৃদ্ধির কারণে রামপুর ও পলাশবাড়ী ইউনিয়নের সাথে সীমানা সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে এতোদিন পার্বতীপুর পৌরসভা নির্বাচন স্থগিত থাকে।