২৫০০ উদ্যোক্তাকে সিএমএসএমই ঋণ বিতরণ আইএফআইসির

দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি অর্জনে বাংলাদেশ ব্যাংক কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সিএমএসএমই খাতে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণসুবিধা নিশ্চিত করার লক্ষ্যে পুনঃ অর্থায়ন স্কিম গঠন করেছে। এই স্কিমের অধীনে দেশজুড়ে আইএফআইসি ব্যাংক তাদের সব শাখা-উপশাখার মাধ্যমে একযোগে আড়াই হাজার সিএমএসএমই উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ করল। এ উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত আইএফআইসি টাওয়ারে অনুষ্ঠিত হলো ‘সিএমএসএমই ঋণের পুনঃ অর্থায়ন স্কিম বিতরণের অগ্রযাত্রা’ শীর্ষক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃহৎ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই স্কিমের রূপকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের পরিচালক এ আর এম নজমুস্ ছাকিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসির এমডি ও সিইও শাহ এ সারওয়ার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের, আইএফআইসি ব্যাংকের পরিচালকরা ছাড়াও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

গভর্নর আব্দুর রউফ তালুকদার বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাতের সম্ভাবনা ও অবদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক ঘোষিত এই স্কিমের আওতায় আইএফআইসি ব্যাংক প্রথম ঋণ দেওয়া শুরু করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এসএমই খাত দেশের প্রাণ। অল্প টাকায় বেশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার ও বাংলাদেশ ব্যাংক এসএমই খাতকে জোরদার করার জন্য বিশেষ দৃষ্টি দিয়েছে। ব্যাংকের এমডি ও সিইও শাহ এ সারওয়ার বলেন, ‘১০ বছর আগে বাংলাদেশ ব্যাংকের সমর্থন নিয়ে আইএফআইসি ব্যাংক দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করেছিল, সেই পদক্ষেপের একটি মাইলস্টোন আজকের এই কর্মসূচি। মূল ধারার অর্থনীতিতে স্থায়িত্ব আনতে, গণমানুষকে সংযুক্ত করতে আমরা উদ্ভাবন করেছি গণমানুষবান্ধব ব্যাংকিং পণ্য। আমরা আমাদের বিস্তৃত নেটওয়ার্ক এবং পণ্য নিয়ে প্রস্তুত ছিলাম। এর মাঝে বাংলাদেশ ব্যাংকের এই স্কিম গণমানুষের জন্য এক যুগান্তকারী সম্ভাবনার দ্বার খুলে দিল। দেশের অর্থনীতিতে একটি বিল্পব ঘটতে যাচ্ছে।’ বিজ্ঞপ্তি