এক দিনে সর্বোচ্চ ৪৩৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় (গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সর্বোচ্চ ৪৩৮ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় কেউ মারা যায়নি। এ নিয়ে ১২ হাজার ৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি হয়েছে। অর্থাৎ দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ১২ হাজার ছাড়াল। এর মধ্যে মারা গেছে ৪৫ জন।

এর আগে গত রবিবার দেশে দ্বিতীয় সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ৩৯৯ জন। গত সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিল ৩৯২ জন, যা এ বছরের তৃতীয় সর্বোচ্চ রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশের ৫১টি জেলায় হাসপাতালে এ বছর ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ৯ হাজার ৩৮৩ জন। ঢাকার পর বেশি রোগী ভর্তি হয়েছেন কক্সবাজার জেলার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১০ জন। তারপর চট্টগ্রাম জেলার বিভিন্ন জেলার হাসপাতালে ৩০২ জন, যশোর জেলায় ১৮৩ জন, বরিশালে ১১৫ জন, ময়মনসিংহে ১০৬ জন, পাবনায় ৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪৩৮ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৩১৫ জন । বাকি ১২৩ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন, মিটফোর্ড হাসপাতালে ৩১ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জনসহ সরকারি অন্যান্য হাসপাতালে মোট ১৯৪ রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১২১ জন।

ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশে চলতি মাসের ২০ দিনে ডেঙ্গু নিয়ে ৫ হাজার ৮২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ২৪ জন মারা গেছেন। এর আগে গত আগস্টে হাসপাতালে ৩ হাজার ৫২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ও মারা গেছেন ১১ জন। গত জুলাই মাসে রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন ও মারা গেছেন ৯ জন। জুন মাসে ভর্তি হয়েছেন ৭৩৭ জন ও মারা গেছেন ১ জন। মে মাসে ভর্তি হয়েছেন ১৬৩ জন। সে হিসেবে চলতি মাসের ২০ দিনে এ বছরের সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন সবচেয়ে বেশি।