মিয়ানমারে ১১ শিক্ষার্থীকে গুলি করে হত্যা

মিয়ানমারের সেনাবাহিনী একটি স্কুলে নির্বিচারে গুলি চালিয়ে অন্তত ১১ শিশুকে হত্যা করেছে। দেশটির উত্তরের সাগাইং অঞ্চলে একটি স্কুলে হেলিকপ্টারগানশিপ থেকে গুলি করে এই শিশুদের হত্যা করে জান্তা বাহিনী। নিহতদের বয়স ৬ থেকে ১৪ বছরের মধ্যে। হামলায় আরও ১৫ শিশু এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।

বিবিসি জানায়, সাগাইংয়ের লেত ইয়েত গ্রামের মন্দির পরিচালিত স্কুলটিতে গত শুক্রবার সেনাবাহিনীর হেলিকপ্টার ও পদাতিক বাহিনী গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।  

শিশু হত্যার সাফাইতে মিয়ানমারের জান্তা সরকারের দাবি, বিদ্রোহীরা ওই স্কুলে লুকিয়ে আছে এমন খবর পেয়ে তারা সেখানে অভিযান চালায়।  

ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়, আকাশ থেকে ‘নির্বিচারে গুলি চালিয়ে’ ওই শিশুদের হত্যা করা হয়েছে। সংস্থাটি থেকে নিখোঁজ ১৫ শিশুকে দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

গত সোমবার ইউনিসেফের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘যদিও এখনো বিস্তারিত অনেক তথ্য যাচাই করা বাকি আছে। ইউনিসেফ ওইসব বাবা-মা ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে যারা তাদের সন্তানদের হারিয়েছেন।’

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, ‘স্কুল অবশ্যই নিরাপদ থাকতে হবে। কোনো কারণেই কখনো শিশুদের হামলার লক্ষ্যবস্তু করা যাবে না।’

স্কুলে হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ খবরের আগে বিবিসি বার্মিজ জানিয়েছিল, ওই হামলায় অন্তত ৬ শিশু নিহত হয়। নিহত শিশুদের মধ্যে ৭ ও ১৪ বছরের দুই বালক এবং ৭, ৯ ও ১১ বছরের তিন বালিকা রয়েছে।

হামলার সময় ১৩ বছরের আরেক বালক তার বাবার সঙ্গে স্কুলের কাছেই মাছ ধরছিল। সেখানেই গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়। সেনাবাহিনী বেশিরভাগ শিশুর মৃতদেহ নিয়ে গেছে বলেও জানায় স্থানীয়রা। শুক্রবারের ওই হামলায় আরও ৬ গ্রামবাসী মারা যায়। যাদের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী বলে জানায় বিবিসি।

গত বছর ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে আবার ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। ইতিমধ্যে জান্তাবিরোধী বিক্ষোভে দেড় হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে। তারপর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে কয়েকটি বিদ্রোহী দলের সঙ্গে সেনাবাহিনীর লড়াই চলছে। মিয়ানমারের একটি বড় অংশ এখন গেরিলা বাহিনী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) নিয়ন্ত্রণে। গেরিলারা স্থানীয় অধিবাসীদেরও সমর্থন পেয়েছে, এতে হিমশিম খাচ্ছে জান্তা বাহিনী। তাই প্রতিরোধ গড়ে ওঠা এলাকায় মিয়ানমারের সেনারা নিয়মিত আকাশ থেকে হামলা চালাচ্ছে বলে জানান বিবিসির দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধি জনাথন হেড।