কলেজছাত্র মাজহারুল হত্যাকাণ্ড: ৫ আসামি গ্রেপ্তার

টাঙ্গালের সখীপুরে খেলার মাঠে ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে বখাটের আক্রমণে নিহত কলেজছাত্র মাজহারুল হত্যাকাণ্ডের প্রধান আসামিসহ এজারভুক্ত পাঁচ আসামি গ্রেপ্তার হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার নবাবগঞ্জ থেকে চারজন এবং মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার রয়েছেন: প্রধান আসামি ইয়ারুল ইসলাম (১৯), ছাব্বির আহমেদ (১৯), শান্ত(২০), সুজন মিয়া (২২), শহীদ মিয়া (৫৫)। 

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে তারা গ্রেপ্তার হন বলে জানিয়েছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম।

ওসি বলেন, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা গা ঢাকা দেয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর শুক্রবার খেলার মাঠে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মো. মাজহারুল ইসলামকে পিটিয়ে আহত করে। চারদিন পর সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি কালিয়ান দক্ষিণ পাড়া এলাকার আ. মালেক মিয়ার ছেলে এবং সরকারি সা’দত কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।