ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য দেশীয় সরবরাহকারীদের কাছ থেকে এক কোটি ৬৫ লাখ লিটার সয়াবিন তেল, মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি ও কাতার থেকে ৬০ হাজার টন ইউরিয়া সারসহ মোট ১০টি ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এজন্য মোট ব্যয় হবে ১৭২৬ কোটি ৮ লাখ ৪১ হাজার ৯২৩ টাকা।
গতকাল বুধবার অনুষ্ঠিত সরকার ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক।
তিনি বলেন, ক্রয় কমিটিতে শিল্প মন্ত্রণালয়ের তিনটি, বাণিজ্য মন্ত্রণালয়ের তিনটি, স্থানীয় সরকার বিভাগের দুটি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি এবং কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাব ছিল। ক্রয় কমিটিতে ১১টি প্রস্তাব উত্থাপন করা হলেও অনুমোদন দেওয়া হয়েছে ১০টি প্রস্তাবের। এতে ব্যয় হবে ১ হাজার ৭২৬ কোটি ৮ লাখ ৪১ হাজার ৯২৩ টাকা। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে পঞ্চম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাবটি আরও যাচাই-বাছাইয়ের জন্য ফেরত পাঠিয়েছে ক্রয় কমিটি।
অতিরিক্ত সচিব জানান, নিম্ন আয়ের এক কোটি পরিবারের কাছে প্রতি মাসে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবি তিনটি দেশি কোম্পানির কাছ আলাদা ভাবে ৫৫ লাখ লিটার করে মোট ১ কোটি ৬৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
প্রতি লিটার ১৮৫ টাকা দরে এসব তেল কিনতে মোট খরচ হবে ৩০৫ কোটি ২৫ লাখ টাকা। ঢাকার সুপার রিফাইনারি অয়েল লিমিটেড ৫৫ লাখ লিটার, সিটি এডিবল অয়েল লিমিটেড ৫৫ লাখ লিটার এবং মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড ৫৫ লাখ লিটার সয়াবিন তেল সরবরাহ করবে টিসিবিকে।
অতিরিক্ত সচিব বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ
কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে ৩০ হাজার টন টিএসপি সার মরক্কোর ওসিপি, এসএ থেকে ২২১ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৩৫৭ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া শিল্প মন্ত্রণালয় অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে চার লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার ২০৬ কোটি ৫৯ লাখ ১১ হাজার ৭৫০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া অপর এক প্রস্তাবে কাতারের মুনতাজাত থেকে পাঁচ লটে ২০৯ কোটি ১০ লাখ ৯০ হাজার ৪৯৫ টাকায় আমদানির ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘রূপপুর গ্রিন সিটি আবাসিক কমপ্লেক্স’-এ এক্সটারনাল ইলেক্ট্রিফিকেশন ওয়ার্কস অব ১৫০০ এসএফটি ফোর ইউনিটস টুয়েনটি স্টোরেড টু বিল্ডিংয়ের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পটির জন্য উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে দর প্রস্তাব জমা পড়ে। তার মধ্যে কারিগরিভাবে মাত্র ১টি প্রস্তাব রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি একমাত্র রেসপনসিভ দরদাতা প্রতিষ্ঠান মজিদ সন্স কন্সট্রাকশন লিমিটেডকে সুপারিশ করে। প্রকল্পে ব্যয় হবে ৪১ কোটি ৮৬ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা।
অতিরিক্ত সচিব বলেন, ১৪৫ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ঘোড়া উতরা নদীর ওপর এক হাজার দুই মিটার ব্রিজ নির্মাণে সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পেয়েছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার। এছাড়াও ১০৬ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে জামালপুর সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদীর ওপর ৬০৬ মিটার ব্রিজ নির্মাণের পূর্ত কাজ পেয়েছে মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ।