'ধর্ষণের পর' ভিডিও ফেসবুকে: কলেজছাত্রীর আত্মহত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে এক কলেজছাত্রীর নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন তিনি। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে ভাতগ্রাম ইউনিয়নে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

তিনি একটি মহিলা কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ছিল।

পুলিশ ও সূত্রে জানা যায়, একই ইউনিয়নের বুড়িহাটি গ্রামের সুজন (২৪) প্রেমের ফাঁদে ফেলে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে। গোপনে তা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেয়। এ ছাড়া কলেজে যাওয়া আসার পথে আরো টাকার জন্য তাকে মারধরসহ নানাভাবে ভয় ও হয়রানি করত। গত পনের দিন আগে ওই ভিডিওটি একটি ফেসবুক আইডি থেকে ছেড়ে দেয়া হয়। ভিডিওটি ভাইরাল হয়ে পড়লে কলেজছাত্রী মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে বুধবার বিকালে তিনি সুইসাইড় নোট লেখে তাদের ঘরে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

তার আত্মহত্যার খবর জানাজানি হওয়ার পর অভিযুক্ত সুজন গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, গত পনের দিন আগে তার মেয়ে কলেজ থেকে ফেরার পথে সিংজুরী ব্রিজের কাছে তাকে আটকে মারধর করে সুজন। পরে খবর পেয়ে আমরা সুজনকে আটকে রাখি। ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম বাদশা এসে সুজনকে সর্তক করে তার বাবা-মার কাছে দিয়ে দেন। কিন্ত তারপরও সুজন নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকে।

জাহাঙ্গীর আলম বাদশা মেম্বারের সঙ্গে কথা হলে তিনি এই ঘটনার সত্যতা স্বীকার করেন।

ছাত্রীর বড় ভাই ডিপ্লোমা প্রকৌশলী আবু তালেব অভিযোগ করে বলেন, ভিডিও ছাড়ার আগে দশম শ্রেণি পড়ুয়া ফুফাতো বোনের কাছে সুজন হুমকি দিয়ে এসএমএস পাঠায়। তাতে সে লেখে ‘... এখন বেশি বুঝল, ওর মরণ আছে’। এরপর একটি আইডি থেকে ওই ডিডিও ছেড়ে দিলে আমার বোন মানসিকভাবে ভেঙে পড়ে এবং আত্মহত্যা করে। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ গিয়ে তার মরদেহ থানায় নিয়ে আসে।

সুইসাইড নোটে কলেজছাত্রী লেখেন, ‘আমারে তুমরা সবাই মাফ কইরা দিও, আমার জন্য তুমাগো অনেক মানসম্মান নষ্ট হইছে, আমি চাই না তুমাগো আরো মানসম্মান নষ্ট হোক। তোমরা জান না ঐতি কি কি করছে আমার সাথে। আমের জোর কইরা ধর্ষণ করছে। তারপর আমার ছবি তুইলা সেই ছবি দিয়া আমার কাছে থাইক দেড় লাখ টাকার জিনিস নিছে।’

এ ব্যাপারে মির্জাপুর থানা পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন জানান, ওই কলেজ ছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আত্মহত্যার কারণ উদঘাটন করা হবে।