প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের তাদের জন্মভূমি মিয়ানমারে প্রত্যাবাসন এবং এ সংকট সমাধানে আন্তর্জাতিক গোষ্ঠী ও জাতিসংঘকে বলিষ্ঠ ভূমিকা পালনে তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। শরণার্থীবিষয়ক ইউএন হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জাতিসংঘের ৭৭তম অধিবেশনের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যক্রমের ব্যাপারে গত মঙ্গলবার সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি জানান, গ্রান্ডির সঙ্গে ওই বৈঠকে শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারে ইউএনএইচসিআরের কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এর জবাবে ফিলিপো বলেন, তিনি দ্রুত মিয়ানমার সফর করবেন।
প্রধানমন্ত্রী বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনের মাধ্যমেই রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব। ইউএনএইচসিআর হাইকমিশনারও এ বিষয়ে তার সঙ্গে একমত প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বৈঠক চলাকালে তারা বাংলাদেশের কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় ইউএনএইচসিআরের বর্তমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরে একই স্থানে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম এএ খান কিউসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বাংলাদেশ ও আইসিসির মধ্যে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী আইসিসির প্রসিকিউটরকে আশ্বাস দেন, মিয়ানমারের রোহিঙ্গা ভিকটিমদের জন্য ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে আইসিসির চলমান সব প্রচেষ্টার ব্যাপারে বাংলাদেশ সহযোগিতা অব্যাহত রাখবে। এ বৈঠকে করিম খান আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশ সফরের ব্যাপারে তার আগ্রহ ব্যক্ত করেন।
এ ছাড়া জাতিসংঘ হ্যাবিটাটের নির্বাহী পরিচালক মায়মুনা মোহাম্মদ শরীফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলের কক্ষে দ্বিপক্ষীয় বৈঠকে তারা টেকসই নগরায়ণ এবং বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ সরকারের পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী বাংলাদেশের ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য তার সরকারের গ্রহণ করা আশ্রয়ণ প্রকল্পের সফলতার ব্যাপারে তাকে অবহিত করেন।
গৃহহীনতার অভিশাপ দূর করতে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি বিশ্বাস করেন একটি নিরাপদ ও উপযুক্ত বাসস্থান প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার। তিনি গৃহহীনতার অভিশাপ দূর করতে বিশ্ব নেতাদের প্রতি বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, গৃহহীনতা সত্যিই একটি অভিশাপ। এটি উন্নত ও উন্নয়নশীল উভয় দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করে। আমাদের অভিজ্ঞতা বলছে, এ অভিশাপ দূর করার বিষয়টি সামর্থ্যরে মধ্যেই রয়েছে। এখানে সমবেত হওয়া আমাদের বন্ধু ও অংশীদাররা এর বাস্তবায়নে একটি দৃঢ় অংশীদারিত্ব গড়ে তুলতে পারেন।
প্রধানমন্ত্রী গতকাল বুধবার টেকসই ও সাশ্রয়ী আবাসনবিষয়ক একটি পার্শ্ব অনুষ্ঠানে ভাষণ দানকালে বলেন, এ সমস্যাটি তিনি হৃদয় দিয়ে উপলব্ধি করেন। সাড়ে ১৬ কোটির একটি জনবহুল দেশ হয়েও বাংলাদেশ গৃহহীনতার বিষয়টি সফলভাবে সমাধান করতে পেরেছে।
তিনি বলেন, ‘আমরা গৃহহীন-ভূমিহীন লোকজনকে বিনামূল্যে জমিসহ ঘর দিয়েছি। আমি আজ এখানে এসেছি সারা দেশে সুবিধাবঞ্চিত মানুষের জন্য টেকসই ঘর নির্মাণে আমার সাফল্যের অভিজ্ঞতাগুলো বিনিময় করতে।’
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্নয়নের অগ্রাধিকার হিসেবে ভূমিহীন, গৃহহীন ও শিকড়হীন মানুষকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছিলেন। জাতির পিতার স্বপ্নের কথা বিবেচনা করে ১৯৯৭ সালে তার সরকার ‘আশ্রয়ণ’ নামে একটি প্রকল্প চালু করে যার অর্থ ভূমিহীন ও আশ্রয়হীনদের জন্য আবাসন।
প্রধানমন্ত্রী বলেন, গত দুই দশকে তার সরকার সবার জন্য বিনামূল্যে আবাসন নিশ্চিত করতে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে। বাংলাদেশের এ কাভারেজ এলাকা শুধু নগরে নয়, দেশের প্রতিটি গ্রাম, শহর, জেলা, দ্বীপ ও পার্বত্য অঞ্চলে রয়েছে।
তিনি বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে এ প্রচেষ্টা আরও ব্যাপকভাবে পুনরুজ্জীবিত হয়েছে। শুধু গত দুই বছরেই দুই লাখ ঘর নির্মাণ করা হয়েছে যেখানে প্রায় ১০ লাখ লোকের আশ্রয় জুটেছে।
শেখ হাসিনা বলেন, ‘গত ১৮ বছরে আমার প্রধানমন্ত্রিত্বকালে আমরা পাঁচ লাখেরও বেশি ঘরে ৩৫ লাখ গৃহহীন লোকের থাকার ব্যবস্থা করেছি। এ ছাড়া বর্তমানে আরও ৪০ হাজার ঘর নির্মাণের কাজ চলছে।’
তিনি বলেন, ‘এ প্রকল্পের আওতায় প্রতিটি পরিবার ৪০০ স্কয়ার ফিট আয়তনের দুই বেডরুম, একটি লম্বা বারান্দা, একটি রান্নাঘর ও একটি স্যানিটারি ল্যাট্রিনসহ ইটের তৈরি একটি বাড়ির মালিকানা পাচ্ছে। আমরা প্রত্যেক বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ ও নিরাপদ পানি সরবরাহ করছি। আমরা বিনামূল্যে বসতবাড়িসহ বাড়ি ও জমি প্রদান করছি যা ইতিহাসে অনন্য।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এসব বাড়ির সুবিধাভোগীরা হলো ভূমিহীন-গৃহহীন, ভিক্ষুক, দিনমজুর, নিঃস্ব নারী, বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক ব্যক্তি, পারিবারিক সহিংসতার শিকার হওয়া ব্যক্তি, জাতিগত সংখ্যালঘু, তৃতীয় লিঙ্গের মানুষ, কুষ্ঠরোগী, ঝাড়ুদার এবং তথাকথিত নিম্নবর্ণের হরিজন সম্প্রদায়।’ তিনি আরও বলেন, ‘আমরা জলবায়ু পরিবর্তনজনিত ভুক্তভোগী পরিবারগুলোকেও সহায়তা দিচ্ছি। ইতিমধ্যে কক্সবাজারে ১৩৯টি বহুতল ভবনে পাঁচ হাজার জলবায়ু-শরণার্থী পরিবারকে থাকার ব্যবস্থা করেছি।’
শেখ হাসিনা বলেন, ‘আগে কর্মসংস্থান ও থাকার জন্য শহরগুলোতে গৃহহীন লোকের ছুটে আসার দৃশ্য অতি পরিচিত ছিল। কিন্তু আশ্রয়ণ প্রকল্প চালু হওয়ার পর থেকে এ প্রবণতা প্রায় বন্ধ হয়ে গেছে। কারণ এসব লোক নিজস্ব এলাকাতেই এখন স্বকর্মসংস্থানের সুযোগ পাচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মডেল অনুসরণ করছি। এ মডেল একজন পুনর্বাসিত ব্যক্তিকে অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের সঙ্গে আত্মনির্ভরশীল এবং স্বমর্যাদাপূর্ণ করার জন্য একটি সামগ্রিক পদ্ধতি নিশ্চিত করে। প্রকল্পটি স্বামী ও স্ত্রী উভয়ের জন্য জমি ও বাড়ির সমান মালিকানা নিশ্চিত করে। বাসস্থান দেশের প্রত্যেক নাগরিকের সবচেয়ে মৌলিক চাহিদা এবং এটি অন্যান্য প্রয়োজনীয়তা পূরণের সুযোগ সৃষ্টি করে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে আমরা দেখেছি যে একটি বাড়ি শুধু থাকার জায়গা নয় বরং আবাসন নিরাপত্তা একজন ব্যক্তির অর্থনৈতিক মুক্তিকে ত্বরান্বিত এবং মর্যাদার সঙ্গে বসবাসে অনুপ্রাণিত করে।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা জমি ও ঘরের পাশাপাশি শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে পাঠানোরও সফল ব্যবস্থা করেছি। এ ছাড়া প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য আমরা নিকটবর্তী কমিউনিটি ক্লিনিকগুলোকে যুক্ত করেছি। নারী ও শিশুরা ৩০ ধরনের ওষুধ বিনামূল্যে পাচ্ছে। বসতবাড়িতে বাগান করা, হাঁস-মুরগি পালন, মাছ উৎপাদনসহ ক্ষুদ্র এবং ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রম নারীদের নেতৃত্বে চলছে। এসব কর্মকা- এ উদ্যোগকে টেকসই ও পরিবেশবান্ধব করেছে।’
অনুষ্ঠানে বক্তৃতা করেন মালওয়াইয়ের প্রেসিডেন্ট ড. লাজারাস ম্যাককার্থি চাকভেরা, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সঞ্জয় ভার্মা, জাতিসংঘে সেøাভাক প্রজাতন্ত্রের স্থায়ী প্রতিনিধি মিশেল মিøনার এবং আইএলওর মহাপরিচালক গাই রাইডার। বাসস