যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি কাউকে কাউন্ট করি না

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা কাউকে কাউন্ট করি না। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীসহ সবাই সবসময় প্রস্তুত আছি।’ গতকাল বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মিয়ানমার ইস্যু নিয়ে একটি উচ্চ পর্যায়ের  বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে তারা (মিয়ানমার) জোর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে। তাছাড়া তাদের সঙ্গে এ দেশের কোনো বৈরিতা নেই।

সংশ্লিষ্টরা জানায়, বৈঠকে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ডসহ সব বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি  পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে মিয়ানমার থেকে ছুড়ে আসা মর্টারের গোলা নিক্ষেপ করা নিয়ে বিশদ আলোচনা হয়। বিষয়টি ধৈর্যসহকারে দেখতে বলা হয়। জাতিসংঘসহ বিশ^নেতাদের কাছে উত্থাপন করতে বলা হয়। তবে অবস্থার অবনতি হলে তা মোকাবিলা করতে সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

মিয়ানমার থেকে বাংলাদেশের ভূখণ্ডে বারবার মর্টারের গোলা পড়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সেনাবাহিনীসহ সবাই জানিয়েছে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সবসময় প্রস্তুত থাকে তারা। এখনো তারা প্রস্তুত আছে। সীমান্তে যেটা হচ্ছে, এটা তাদের (মিয়ানমার) অভ্যন্তরীণ বিষয়, সেখানে বাংলাদেশের কোনো ভূমিকা  নেই।’ তিনি আরও বলেন, ‘আমরা বীরের জাতি, আমরা সবসময় প্রস্তুত আছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশে নেই। আমরা একটা পরিস্থিতি  দেখছি, মিয়ানমারের সেনাবাহিনী সে দেশে আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে। সেই যুদ্ধের গোলাবারুদ সীমান্ত পেরিয়ে আমাদের দেশে এসে পড়ছে। এতে হতাহতের ঘটনা ঘটছে। আমাদের জনগণ আতঙ্কিত হয়ে রয়েছে।’

গতকাল হঠাৎ করেই বৈঠক ডাকার কথা জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদের দীর্ঘ আলোচনার পরে এটাই সিদ্ধান্ত এসেছে যে, আমাদের পলিসি (নীতি) যেটা ‘সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয়’ আমরা কখনই যুদ্ধকে এনকারেজ (উৎসাহিত) করি না। আর যুদ্ধের মতো পরিস্থিতিও এখানে আসেনি।’ তিনি বলেন, ‘উসকানি  দেওয়ার প্রচেষ্টা কে বা কারা করে এটা আমাদের জানা নেই। আমরা  যেটা দেখছি, তারা (মিয়ানমার) নিজেরা নিজেরা যুদ্ধ করছে। আরাকান আর্মি কিন্তু তাদেরই। তাদের ভেতরের সমস্যা এটা। শুধু আরাকান আর্মি নয়, বিভিন্ন সীমান্তে যুদ্ধ চলছে। আরাকান আর্মির সঙ্গে এখানে বড় ধরনের যুদ্ধ হচ্ছে। আমরা মনে করি, এটা তাদের ইন্টারনাল বিষয়, এখানে বাংলাদেশের কিছু করার নেই।’