এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ছাত্রলীগকর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বুধবার রাতে গোলাকান্দাইল হাটসংলগ্ন কাঠপট্টি এলাকায় রাকিব হাসান (২২) নামে ওই ছাত্রলীগকর্মীর ওপর হামলা হয়। পরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাকিব গোলাকান্দাইল এলাকার হারুন মিয়ার ছেলে। তিনি এলাকায় পাগলনীর নাতি হিসেবে পরিচিত ছিলেন। রাকিবের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহাবুবুর রহমান বলেন, রাত ৯টার দিকে কাঠপট্টি এলাকায় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাকিবের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে রাকিবের বাম হাতটি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করা হয়। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় ডিকেএমসি হাসপাতাল এবং পরে সেখান থেকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা জানান, এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, পরিবহনের চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ে আধিপত্য নিয়ে গোলাকান্দাইল ইউনিয়ন শ্রমিক লীগ নেতা দেলোয়ার হোসেনের সঙ্গে ছাত্রলীগকর্মী রাকিব হাসানের বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরেই দেলোয়ারসহ তার অনুগত আট-দশজন মোটরসাইকেলে এসে রাকিবের ওপর হামলা চালায়।
রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মঈন দেশ রূপান্তরকে বলেন, ‘রাকিব আমার সঙ্গে ছাত্রলীগকর্মী হিসেবে কাজ করে আসছে। নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তাকে। হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাই।’
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ দেশ রূপান্তরকে বলেন, ‘ছাত্রলীগকর্মী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে পুলিশ।’