ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৫ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার যুগিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। আহত ও আটকদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই উপজেলা মির্জাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফিরোজ হোসেন ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম টুলুর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে সকালে যুগীপাড়া বাজারে যুগীপাড়া, চরপাড়া, শেরপুর ও মথুরাপুর গ্রামের উভয় পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ৬ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় ২৫ জনকে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় ২৫ জনকে আটক করা হয়েছে।