ই-কমার্সে লেনদেনের লাইসেন্স পেল আরেক প্রতিষ্ঠান

নতুন করে ই-কমার্সে লেনদেনের অনুমতি পেল প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান সার্ভিস হাব লিমিটেড। প্রতিষ্ঠানটিকে পেমেন্ট সিস্টেম অপারেটরের (পিএসও) লাইসেন্স দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানটি দেশের ভেতরে ‘পেস্টেশন’ নামে ব্যবসায়ীদের সেবা দেবে।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সার্ভিস হাব এখন থেকে ই-কমার্সে লেনদেন করতে পারবে।

বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের কাছে সার্কুলারটি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ৭ (এ) (ই) ধারার আওতায় জারি করা বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস রেগুলেশনস ২০১৪ অনুসারে বাংলাদেশ ব্যাংক সার্ভিস হাব লিমিটেডকে দেশের অভ্যন্তরে ‘পেস্টেশন’ ব্র্যান্ড নামে পেমেন্ট সার্ভিস অপারেটর হিসেবে লাইসেন্স দিয়েছে।

জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়াই অনেক প্রতিষ্ঠান ই-ওয়ালেট সেবা দিয়ে আসছিল। এ কারণে কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়া পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) কোনো ধরনের সেবা না দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে এসব প্রতিষ্ঠানের কোনো ব্যাংক অ্যাকাউন্ট না রাখতে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে গত বছরের ৫ মার্চ নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।