ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেলের স্ত্রী ও কোম্পানির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন আদালত গঠিত পরিচালনা পর্ষদের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর পর্ষদ সভাও করেছেন শামীমা নাসরিন, তার মা ফরিদা তালুকদার ও ভগ্নিপতি মামুনুর রশীদ, ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট শাহাব উদ্দিন এবং বাণিজ্য মন্ত্রণালয়ে উপসচিব কামরুন নাহার।
এদিকে শামীমার নেতৃত্বাধীন পর্ষদের দায়িত্ব নেওয়ার খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই ধানম-িতে ইভ্যালির কার্যালয়ের সামনে জড়ো হন শত শত পাওনাদার। নিজেদের পাওনা টাকা ফেরত চাওয়ার পাশাপাশি ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেলের মুক্তির দাবিও জানিয়েছেন তারা।
সময়মত পণ্য ডেলিভারি দিতে না পারা ও গ্রাহকের পাওনা টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় গত বছরের ১৮ সেপ্টেম্বর বন্ধ হয়ে যায় ইভ্যালি। গ্রাহক ঠকানোর মামলায় ইভ্যালির উদ্যোক্তা রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয়েছিল। শামীমা গত এপ্রিল মাসে জামিনে বের হতে পারলেও এখনো বন্দিই আছেন রাসেল।
গত বছরের অক্টোবরে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে চেয়ারম্যান করে ইভ্যালির জন্য একটি পর্ষদ গঠন করে দিয়েছিল আদালত। রেলপথ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহবুব মিলনকে করা হয়েছিল ব্যবস্থাপনা পরিচালক।