নতুন আইজিপি মামুন, র‌্যাবের ডিজি খুরশীদ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ আগামী ৩০ সেপ্টেম্বর থেকে অবসরে যাচ্ছেন। নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আর তার বদলে র‌্যাবের ডিজি হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেন। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত আলাদা দুটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। জনস্বার্থে এ আদেশ আগামী ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আইজিপির অবসর সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদকে ৩০ সেপ্টেম্বর বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ধারা ৪৩ (১) (ক) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্রান্টসহ আগামী পহেলা অক্টোবর থেকে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক বছরের অবসর ও অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

২০২০ সালের এপ্রিলে আইজিপি পদে নিয়োগ পেয়েছিলেন ড. বেনজীর আহমেদ। তার আগে তিনি র‌্যাব মহাপরিচালক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের দায়িত্ব পালন করেন। গোপালগঞ্জে জন্ম নেওয়া বেনজীর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদ। তার স্থলাভিষিক্ত হবেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিসিএস  অষ্টম ব্যাচের এই কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

দীর্ঘ চাকরি জীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি ডিএমপির সহকারী কমিশনার, এপিবিএনের এএসপি, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ ও চাঁদপুর জেলায় সার্কেল এএসপি, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে চাঁদপুর জেলায় এবং ডিএমপির অতিরিক্ত উপকমিশনারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি নীলফামারীর পুলিশ সুপার (এসপি), ডিএমপির উপকমিশনার (ডিসি) এবং পুলিশ সদর দপ্তরে এআইজি (সংস্থাপন) ও এআইজি (গোপনীয়) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আবদুল্লাহ আল-মামুন অতিরিক্ত ডিআইজি হিসেবে ঢাকা রেঞ্জে এবং ডিআইজি (অপারেশনস), ডিআইজি (প্রশাসন), রেঞ্জ ডিআইজি হিসেবে ময়মনসিংহ রেঞ্জ ও ঢাকা রেঞ্জের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। পদোন্নতি পেয়ে তিনি অ্যাডিশনাল আইজিপির (এইচআরএম) দায়িত্ব পান। র‌্যাব মহাপরিচালক পদে যোগ দেওয়ার আগে তিনি সিআইডি প্রধানের দায়িত্ব পালন করেন। পুলিশে অসামান্য অবদান এবং অনন্য সেবাদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হয়েছেন আবদুল্লাহ আল-মামুন। বসনিয়া-হার্জেগোভিনা, লাইবেরিয়া ও দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অসামান্য অবদান রেখেছেন এই পুলিশ কর্মকর্তা। তিনি দেশ-বিদেশের বেশ কিছু মর্যাদাপূর্ণ পেশাগত প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

র‌্যাবের নতুন ডিজি : র‌্যাবের বর্তমান ডিজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পরবর্তী আইজিপি হিসেবে নিয়োগ দেওয়ায় তার স্থলাভিষিক্ত হবেন এম খুরশীদ হোসেন। ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তার জন্ম গোপালগঞ্জের কাশিয়ানীতে। বর্তমানে তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন।