সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের উসকানির শান্তিপূর্ণ সমাধান আমাদের কাম্য, আমরা আশা করি তারাও শান্তির পথে আসবে। আমরা অত্যন্ত সতর্ক ও সংযমী হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। গতকাল বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি নদীর ওপর নির্মিত সেতুর নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা আক্রমণকারী হিসেবে চিহ্নিত হব না। আমাদের লক্ষ্য হচ্ছে উভয় পক্ষ আলাপ-আলোচনার টেবিলে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে চাই।’
আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনের নামে মিথ্যাচার করছে। প্রতিদিনই তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখছে। তত্ত্বাবধায়ক সরকার আদালত ফয়সালা করে দিয়েছে। এখানে আমাদের কোনো এখতিয়ার নেই। ওটা আর ফিরে আসার সম্ভাবনা আপাতত নেই।
মধুমতি সেতু নির্মাণ ও উদ্বোধন প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি। শুধু নড়াইলবাসীর জন্য নয়, এই প্রতিশ্রুতি যশোর, মাগুরা, ঝিনাইদহ, খুলনাসহ গোটা অঞ্চল সুফল পাবে। ৬৯০ মিটার দীর্ঘ ৬ লেন বিশিষ্ট এ সেতু নির্মাণে খরচ হয়েছে ৯৫৯ কোটি ৮৫ লাখ টাকা। আমরা যথাসময়ে কাজ শেষ করেছি। অক্টোবর মাসেই বহু প্রতীক্ষিত এ সেতুটি উদ্বোধন হবে।
এ সময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন, মধুমতি সেতুর প্রকল্প পরিচালক মো. আশরাফুজ্জামান, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।