কক্সবাজারের উখিয়ায় একদিনের ব্যবধানে রোহিঙ্গা আশ্রয় শিবিরে পাহারারত আরেক স্বেচ্ছাসেবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার গভীর রাতে কুতুপালং শরণার্থী ক্যাম্পের এক্সটেনশন-৪ এর এইচ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ এরশাদ (৪০) ওই ব্লকের ইউছুপ জলিলের ছেলে।
এর আগে মঙ্গলবার গভীর রাতে উখিয়ার ১৮ নম্বর ময়নারঘোনা ক্যাম্পে মো. জাফর আলম নামে পাহারারত আরেক স্বেচ্ছাসেবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, বুধবার রোতে রোহিঙ্গা ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে পাহারার দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ এরশাদসহ আরও কয়েকজন রোহিঙ্গা। রাত সাড়ে ৩টার দিকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা এরশাদকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল ঘটনাস্থল পৌঁছে এরশাদকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে ক্যাম্প সংলগ্ন স্থানীয় জিকে হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন-১৪ এর অতিরিক্ত সুপার মাসুদ আনোয়ার দেশ রূপান্তরকে বলেন, ‘ক্যাম্পে এরশাদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের কারণ খোঁজা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’
এ নিয়ে গত তিন মাসে ক্যাম্পে পাহারার দায়িত্বে থাকা চার স্বেচ্ছাসেবক ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা দুই নেতাকে একই কায়দায় হত্যা করা হলো।