বগুড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় শাহনাজ খাতুন (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আনোয়ার হোসেন আহত হয়েছেন।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় শেরপুর উপজেলার মির্জাপুর বাজার এলাকার ইসলামি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই বাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শাহনাজ খাতুন সুঘাট ইউনিয়নের জয়লা সরকার পাড়া এলাকার আনোয়ার সরকারের স্ত্রী।
নিহতের স্বামী আনোয়ার হোসেন জানান, আমার শাশুড়ি অসুস্থ। শাশুড়িকে দেখতে স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে জয়গা গ্রামের বাড়ি থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলাম। মির্জাপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাতনামা একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে স্ত্রী শাহনাজ ছিটকে পড়ে গিয়ে কাভার্ডভ্যানের চাকার নিচে গিয়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।