নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ইজিবাইক, প্রাণ গেল চালকের

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শাহজাহান (৩৭) নামের এক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মানিক পটল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহজাহান ওই এলাকার আবুল হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহজাহান ইজিবাইক চালিয়ে আরামনগর বাজার থেকে মানিক পটল খেয়া ঘাটে যায়। সেখানে যাত্রী নামিয়ে ফেরার সময় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খাদে পড়ে শাহজাহান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক।