ইতালির কাছে হেরে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরে অবনমন

প্রতিযোগিতামূলক ম্যাচে সবশেষ চার ম্যাচে মাত্র একটি গোল ইংল্যান্ডের। সেই দলটি এবার ইতালির কাছে হেরেছে। তাতে উয়েফা নেশনস লিগের দ্বিতীয় স্তরে নেমে গেছে। শুক্রবার রাতে সান সিরোয় ইংলিশদের ১-০ গোলে হারিয়েছে রোমান ক্যাথলিকদের দেশটি।

বেশ কয়েকটি সুযোগ মিসের ম্যাচে একমাত্র গোলটি করেন জিয়াকমো রেসপাদরি। প্রথমার্ধে দুই দলই অগোছালো ফুটবল খেলেছে। দ্বিতীয়ার্ধে ৬৮তম মিনিটে দুর্দান্ত গোলে ইতালিকে এগিয়ে নেন রেসপাদরি। লিওনার্দো বোনুচ্চির উঁচু করে বাড়ানো বল ইংল্যান্ডের ডি-বক্সের সামনে নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন তিনি।

পিছিয়ে পড়ার পর জ্যাক গ্রিলিশ ও লুক শকে নামায় ইংল্যান্ড। আক্রমণে ধার বাড়ে সফরকারিদের। তবে আসল যে কাজ, সেই গোলের দেখাই পায়নি। বরং ৮৪তম মিনিটে মানোলো গাব্বিয়াদিনি সুযোগ নষ্ট না করলে ব্যবধান দ্বিগুণ হতো ইতালির। পরের মিনিটে ফেদেরিকো দিমারকোর শট ব্যর্থ হয় দূরের পোস্টে লেগে।

শেষদিকে যোগ করা সময়ে জুড বেলিংহ্যামের সামনে সুযোগ এসেছিল সমতা ফেরানোর। তবে রিস জেমসের চমৎকার ক্রসে হেড করলেও সেটা লক্ষ্যে রাখতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে ইংলিশরা। এই হারে উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় স্তরে নেমে গেছে ইংল্যান্ড।