বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) আয়োজনে শুরু হচ্ছে ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল। এবার ১০টি ডিসিপ্লিনে মোট ১৪টি ইভেন্টে অংশ নেবেন সমিতির শতাধিক সদস্য। আগামীকাল রবিবার সকাল সাড়ে ১১টায় পল্টনস্থ শহীদ তাজউদ্দিন উডেন ফ্লোর জিমনেশিয়ামে টেবিল টেনিস ডিসিপ্লিনের মধ্য দিয়ে শুরু হবে এবারের আসর।
ইভেন্টগুলো হলো ক্যারম একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, ব্যাডমিন্টন একক ও দ্বৈত, দাবা, শুটিং, আরচারি, সাঁতার, কল ব্রিজ ও টোয়েন্টি নাইন। এছাড়া নারী সদস্যরা লুডু ইভেন্টে অংশ নিবেন। সবকটি খেলাই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন বিভিন্ন ভেন্যুতে।
প্রধান অতিথি হিসেবে স্পোর্টস কার্নিভালের উদ্বোধন করবেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন।
প্রতিবারের মতো এবারও স্পোর্টস কার্নিভালের সেরা ক্রীড়াবিদের হাতে তুলে দেওয়া হবে আব্দুল মান্নান লাডু ট্রফি ও অর্থ পুরস্কার। ট্রফি ও অর্থ পুরস্কার থাকছে সেরা দুই রানার্সআপের জন্যও। এছাড়া প্রতিটি ইভেন্টের সেরাদের জন্য ক্রেস্ট ও অর্থ পুরস্কার। আয়োজনে পৃষ্ঠপোষকতা করছেন ওয়ালটন গ্রুপ।
স্পোর্টস কার্নিভাল উপলক্ষ্যে আজ শনিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি সনৎ বাবলা, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন, বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম ও সদস্য সচিব ফয়সাল তিতুমীর।