‘শোকজ’ আতঙ্কে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা

সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখার অজুহাতে কারণে-অকারণে শোকজ করা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের।  গত এক মাসে কমপক্ষে ১০ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র। ফলে আতঙ্কে রয়েছেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা।

সূত্রটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ না করার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেওয়া হয়। এই পরামর্শ বাস্তবায়নে সর্বাত্মক ভূমিকা পালন করছেন একজন ডেপুটি গভর্নর।

উল্লেখ্য, প্রায় দুই মাস আগে হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাংক সাংবাদিকদের প্রবেশে সময়সীমা নির্ধারণ করে দেয়। এর প্রতিবাদে অর্থনীতি বিটের সাংবাদিকরা কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ নীতিমালা ঘোষণার অনুষ্ঠান বয়কট করেন। চাপের মুখে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় ব্যাংক।

পরবর্তীতে আবারও কয়েকটি বিভাগে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ কারণে অন্য বিভাগের কর্মকর্তারাও ভীত হয়ে পড়েছেন। এতে করে ব্যাংক খাতের অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত সংবাদ প্রকাশ ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে।

বর্তমান গভর্নর অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ছিলেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে কেন্দ্রীয় ব্যাংক সাংবাদিকদের প্রবেশে প্রতিবন্ধকতা তৈরি করছে।