ট্রেনে উঠতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

নাটোরের লালপুরে রাজশাহীগামী চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ইমতিয়াজ আলী (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমতিয়াজ আলী পাবনার  ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকার ইসাহাক আলীর ছেলে। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার মো. জিয়াউদ্দিন বলেন, সকালে রাজশাহীগামী কমিউটার ট্রেনটি আব্দুলপুর স্টেশনে থামলে ওই ছাত্র  দোকানে খাবার কিনতে যান। এ সময় ট্রেন ছেড়ে দিলে তিনি দৌড়ে গিয়ে ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে যান। তখন ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।