বরিশালে জাপা কো-চেয়ারম্যানের অনুষ্ঠানে হাতাহাতি

বরিশালে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের সাংগঠনিক আলোচনা সভায় দলের দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। গত শুক্রবার রাতে নগরীর সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে এ ঘটনার সময় দু’পক্ষের মধ্যে বাগ্বিতন্ডা, হাতাহাতি ও ধাক্কাধাক্কি শেষে ব্যানার ছিনিয়ে নেয় একপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল জেলা জাতীয় পার্টির ব্যানারে সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয়। দলটির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার রাত সাড়ে ৮টার দিকে সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এরই মধ্যে সভামঞ্চের পেছনে থাকা ব্যানারের ছবি নিয়ে মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও সদস্য সচিব ইকবাল হোসেন তাপস সমর্থক নেতাকর্মীদের সঙ্গে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট একেএম মর্তুজা আবেদীনের সমর্থকদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি, শার্টের কলার ধরে টানাটানি ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। এর কিছুক্ষণ পর সভামঞ্চের পেছনে থাকা ব্যানারটি টেনে খুলে ফেলে একাংশের নেতাকর্মীরা।

এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল মহানগর জাপার আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বলেন, ‘আমাদের সঙ্গে আলাপ-আলোচনা ছাড়াই এ ধরনের সভার আয়োজন করে বিতর্ক সৃষ্টি করা হয়েছে। তারপরও কো-চেয়ারম্যানের নির্দেশনা পেয়ে সভাস্থলে নেতাকর্মীরা গিয়ে ব্যানারে নিষ্ক্রিয় ও বিতর্কিত নেতাকর্মীদের নাম-ছবির ব্যবহার দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠে। পরবর্তীতে এ নিয়ে হট্টগোল শুরু হলেও তা নিয়ন্ত্রণ করা হয়েছে।’

অন্যদিকে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট একেএম মর্তুজা আবেদীন বলেন, ‘মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও মহানগরের সদস্য সচিব ইকবাল হোসেন তাপসের ৭-৮ জন সমর্থক এসে সভায় হট্টগোল করে। পরে কো-চেয়ারম্যান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জেলা জাতীয় পার্টির সাংগঠনিক আলোচনা সভার ব্যানারে কেন তাদের ছবি থাকবে আমি জানি না। কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা সব দেখেছেন।’

সভায় উপস্থিত থাকা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রতœা বলেন, ‘নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। কো-চেয়ারম্যান পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সবাইকে মিলিয়ে দিয়েছেন। এখন আর কোনো সমস্যা নেই।’