সড়কের পাশে হাতাহাতি ট্রাকে পিষ্ট শালা-দুলাভাই

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা থেকে একটি ইজিবাইকে দিনাজপুর সদর উপজেলার খোয়ারের মোড়ে আত্মীয়ের বাসায় আসছিলেন মোহাম্মদ আলী, তার শ্যালক আজগার হোসেন ও মকবুল আলী। পথে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ইজিবাইক থেকে নেমে যান তারা। ভোর সাড়ে ৪টার দিকে সড়কের পাশে ফুটপাতে নিজেদের মধ্যে হাতাহাতি শুরু করেন। এ সময় দিনাজপুর শহরমুখী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে পড়ে। এতে মোহাম্মদ আলী (৬৫), তার শ্যালক আজগার হোসেন (৩৫) নিহত হন। গুরুতর আহত হন আরেক শ্যালক মকবুল আলী (৪০)। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার এই দুর্ঘটনা ঘটে।

এদিকে গতকাল শনিবার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ আরও চারজন নিহত হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলের এলেঙ্গায় বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারী ও কালিহাতীতে রাস্তা পার হওয়া সময় এক পথচারী নিহত হয়েছেন। মাগুরা সদর উপজেলার বাহারবাগ এলাকায় রাস্তা পার হওয়ার সময় নসিমনের ধাক্কায় ৪ বছরের শিশু নিহত হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জিহাদ নামে এক শিশু প্রাণ হারিয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে

টাঙ্গাইলে ২ জন নিহত : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গায় বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন।  এদের মধ্যে সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম (৩০) ঘাটাইল উপজেলার বাহুন্দা গ্রামের হামিদ আলীর স্ত্রী।

এদিকে কালিহাতীতে রাস্তা পার হওয়া সময় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। তার নাম ইদ্রিস আলী (৬৫)। তিনি কালিহাতী পৌর এলাকার মৃত হাফেজ আলীর ছেলে। তিনি কালিহাতী পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সিদ্দিক হোসেনের বড় ভাই। শুক্রবার রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী থানার পাশে এ ঘটনা ঘটে।

মাগুরায় নসিমনের ধাক্কায় ৪ বছরের শিশু নিহত : মাগুরা সদর উপজেলা বাহারবাগ এলাকায় রাস্তা পার হওয়ার সময় নসিমনের ধাক্কায় ৪ বছরের শিশু নিহত হয়েছে। তার নাম হানজালা। গতকাল শনিবার সকালে বাহারবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বাহারবাগ এলাকা থেকে একটি নসিমন ইট নিয়ে মাগুরায় আসছিল। এসময় শিশুটি রাস্তা পার হতে গিয়ে চলন্ত গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসাপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের ডাক্তার আশরাফুল ইসলাম মৃত ঘোষণা করে।

পটুয়াখালীতে ট্রলি, ইজি বাইকের সংঘর্ষ নিহত ১ : পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জিহাদ (১২) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মুসুল্লিয়াবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৬ জন। এরমধ্যে মধ্যে মুক্তা বেগম (৪০) নামে এক নারীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহতদের  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা জানায়, ৬ যাত্রী নিয়ে অটোরিকশাটি চাপলীবাজার থেকে কলাপাড়ার উদ্দেশে আসতেছিল। মুসুল্লিয়াবাদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি মুখোমুখি হয়ে আটোরিকশাটিকে চলন্ত অবস্থায় ধাক্কা মারে।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, আহতদের উদ্ধার করে বরিশাল পাঠানো হয়েছে। ট্রলিটি আটক রয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।