শোয়ার ঘরে স্ত্রী বাথরুমে স্বামীর হাত বাঁধা লাশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বাড়িতে শোয়ার ঘরে স্ত্রী ও বাথরুম থেকে স্বামীর হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে পৌর এলাকার পুরোনো বাজার পাড়ায় নিজ বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাদের কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। স্থানীয়রা বলছেন, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ওই হত্যাকাণ্ড হতে পারে।

নিহতরা হলেন, ওই এলাকার নজির উদ্দিন (৭০) ও তার স্ত্রী ফরিদা বেগম (৬০) ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে নজির উদ্দিনের বাড়িতে কোন সাড়া শব্দ না পেয়ে ডাকা ডাকি করেন প্রতিবেশীরা। পরে জানালা দিয়ে তাদের মরদেহ দেখতে পান তারা। এ দম্পতির একমাত্র মেয়ে শিলার বিয়ে হয়ে গেছে। তিনি আলমডাঙ্গা শহরের অন্য একটি এলাকায় স্বামীর সঙ্গে থাকেন। শুক্রবার রাতে স্বামী-স্ত্রী ছাড়া ওই বাড়িতে অন্য কেউ ছিল না। সকালে শিলা তার বাবা ও মায়ের মোবাইল ফোনে একাধিকার কল করলেও কোনো উত্তর মেলেনি।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে পুলিশের একাধিক টিম। তবে হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তাদের হত্যা করে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। নজির উদ্দিনকে শৌচাগারের ভেতর হাত, পা বেঁধে শ্বাসরোধে ও তার স্ত্রীকে ঘরের মেঝেতে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে।