রোনালদোর রক্তঝরা ম্যাচে জিতলো পর্তুগাল

সতীর্থের উঁচু করে বাড়িয়ে দেওয়া বলে হেড করতে লাফিয়ে উঠেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই বল ক্লিয়ার করতে লাফ দেন চেক প্রজাতন্ত্রের গোলরক্ষক টমাস ভাসলিক। ঘুষিতে বল দূরে সরিয়ে দেন তিনি। কিন্তু তার কনুই লেগে রোনালদোর নাক ফেটে রক্ত পড়তে থাকে। মনে হচ্ছিল ম্যাচের বাকি সময় আর খেলা হবে না পাঁচবারের ব্যালন ডি-অর জয়ী এ তারকার। কিন্তু কিছুক্ষণ চিকিৎসা নিয়ে নাকে ব্যান্ডেজ পেঁচিয়ে পুরো ম্যাচই খেলেন রোনালদো।

শনিবার রাতে রক্তঝরা নাক নিয়ে পুরো ম্যাচ খেলে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছেন রোনালদো। গোল না পেলেও একটি অ্যাসিস্ট করেছেন তিনি। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে পর্তুগাল। স্পেনের বিপক্ষে শেষ ম্যাচ ড্র করলেও শীর্ষস্থান অক্ষুণ্ণ থাকবে পর্তুগিজদের।

চোট পাওয়ার আগে-পরে অবশ্য দারুণ কিছু সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু রহস্যজনকভাবে গোল করতে ব্যর্থ হন তিনি। অধিনায়কের গোল না পাওয়ার ব্যর্থতা ঢেকে ডিয়েগো ডালত করেছেন জোড়া গোল। এছাড়া ব্রুনো ফার্নান্দেজ ও ডিয়েগো জোতা করেছেন একটি করে গোল।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল পেতে পারতেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের সতীর্থ ব্রুনোর এগিয়ে দেওয়া বলে প্রতিপক্ষের রক্ষণের চ্যালেঞ্জের মুখে শটই নিতে পারেননি তিনি। এর দুই মিনিট পরই ঘটে যায় দুর্ঘটনা, রক্ত ঝরতে থাকে রোনালদোর নাক বেয়ে।

চিকিৎসা নিয়ে পুনরায় খেলা শুরুর পর ২৪ মিনিটে দারুণ এক পাস পাস তিনি। যদিও শট নিতে ব্যর্থ হন। ম্যাচের ৩৩ মিনিটের গিয়ে গোলের করেন ডালত। ব্রুনোর ক্রস বাইরে যাওয়ার মুখে কাটব্যাক করেন রাফায়েল লিয়াও। সেই বল ফাঁকায় পেয়ে ডালত সহজেই জালের ঠিকানা খুঁজে নেন। প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে ম্যাচের দ্বিতীয় গোল করেন ব্রুনো।

দ্বিতীয়ার্ধে ফিরে সাত মিনিটের মধ্যে নিজেদের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ডালত। ব্রুনোর পাস ধরে জায়গা বানিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে গোলটি করেন তিনি। আর ম্যাচের ৮২ মিনিটে গিয়ে চেক প্রজাতন্ত্রের জালে শেষ গোলটি করেন লিভারপুলের তারকা জোতা।

এই জয়ের পর পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রতে ১০ পয়েন্ট নিয়ে এ লিগের দুই নম্বর গ্রুপের শীর্ষস্থান দখল করেছে পর্তুগাল। একইদিন সুইজারল্যান্ডের কাছে হেরে যাওয়া স্পেন ৮ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে। চার পয়েন্ট নিয়ে নিচে নেমে যাওয়ার শঙ্কায় চেক প্রজাতন্ত্র।

কিছুদিন আগেই ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছেন, আরও বছর দুয়েক জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি। সেটি যে স্রেফ বলার জন্যই বলা নয়, তার প্রমাণ মিললো উয়েফা নেশনস লিগের ম্যাচে। নাক দিয়ে রক্ত ঝরলেও মাঠ ছেড়ে যাননি এই পর্তুগিজ।