বাইকের সঙ্গে ধাক্কা লাগায় সিএনজি চালককে পিটিয়ে হত্যা

মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগায় চালক তাপস চন্দ্র সরকারকে (৩৬) বেধড়ক মারধর করে হত্যা করার অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর বলাশপুরের হাক্কানী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সিএনজি চালক তাপস চন্দ্র সরকার জেলার ধোবাউড়া উপজেলার করসিন্দুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, শনিবার আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে নগরীর বলাশপুরের হাক্কানী মোড় এলাকায় অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় স্থানীয় এক মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এনিয়ে মোটরসাইকেল চালক ও সিএনজি চালকের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে মোটরসাইক চালক ক্ষিপ্ত হয়ে স্থানীয় আরও চার-পাঁচজনকে সঙ্গে নিয়ে সিএনজি চালক তাপস চন্দ্রকে বেধড়ক মারধর করে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়রা আহত সিএনজি চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাপস চন্দ্রকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এঘটনায় নিহতের ভাই সুমন চন্দ্র সরকার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।