নারায়ণগঞ্জের ফতুল্লায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই ছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বখাটেরা।
এ ঘটনায় পুলিশ আবির হোসেন (১৯) ও সাব্বির আহমেদ (২০) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা আপন দুই ভাই ও ফতুল্লা মডেল থানা সীমান্তের কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এছহাক মিয়ার ছেলে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে তাদেরকে ফতুল্লা মডেল থানার ওয়াপদা পুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় শ্লীলতাহানির চেষ্টা ও হামলার শিকার এক ছাত্রীর বাবা বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, বাদীর মেয়ে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার বান্ধবী পাশের বাড়িতে বসবাসকারী একটি কিন্ডারগার্টেনের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী।
বাদীর মেয়ে ও তার বান্ধবী স্কুলে ও মাদ্রাসায় একই সাথে যাতায়াত করতো। অভিযুক্তরা প্রায়ই তাদেরকে পথিমধ্যে উত্যক্ত করতো।
চলতি মাসের ২২ তারিখ সকাল ৮টার দিকে বাদীর মেয়ে মাদ্রাসায় যাওয়ার পথে রাস্তায় তাকে একা পেয়ে বখাটেরা তার বোরখা টেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলে এবং স্পর্শকাতর স্থানে হাত দেয়। বিষয়টি তারা এসে তাদের পরিবারকে জানায়।
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে অভিযুক্তদের বাড়ির সামনের রাস্তায় পেয়ে জিজ্ঞাসাবাদ করলে বাদীকে এলোপাতাড়িভাবে লোহার পাইপ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, মামলার এজাহারনামীয় দুই আসামিকে শনিবার দিবাগত মধ্যরাতে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অপর আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।