মার্কেট মেকারের লাইসেন্স চায় সাকিবের মোনার্ক হোল্ডিংস

পুঁজিবাজারের সহায়তায় মার্কেট মেকার (বাজার সৃষ্টিকারী) হিসেবে কাজ করতে চায় দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস লিমিটেড। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্য এ প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই নানা বিতর্কে জড়িয়েছে। বিভিন্ন কোম্পানির শেয়ারে কারসাজিতে জড়িত থাকার অভিযোগও উঠেছে মোনার্ক হোল্ডিংসের বিরুদ্ধে। অবশ্য প্রতিষ্ঠানটিকে মার্কেট মেকারের সনদ দিতে সুপারিশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

পুঁজিবাজারের শীর্ষ কারসাজিকারক আবুল খায়ের হিরোর স্ত্রী কাজী সাদিয়া হাসান মোনার্ক হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন, যার বিরুদ্ধেও কারসাজিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মোনার্ক হোল্ডিংসের চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাকিব আল হাসান। যেসব শেয়ারে হিরো কারসাজিতে যুক্ত ছিলেন, সাকিবও একই সময়ে সংশ্লিষ্ট শেয়ারগুলোর লেনদেনে জড়িত ছিলেন। কারসাজিকারকদের এ প্রতিষ্ঠানটিই এখন মার্কেট মেকারের সনদ চাইছে।

গত ৮ মে মোনার্ক হোল্ডিংস ডিএসইতে মার্কেট মেকারের নিবন্ধনের জন্য আবেদন জানিয়েছে। মোনার্ক হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক কাজী সাদিয়া হাসান স্বাক্ষরিত আবেদনে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিতে মার্কেট মেকার হিসেবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্কেট মেকার) বিধিমালা, ২০১৭-এর সব শর্ত পরিচালন করে নিবন্ধন সনদ নেওয়ার জন্য একটি রেজল্যুশন তৈরি করা হয়েছে। এর ধারাবাহিকতায় মার্কেট মেকারের নিবন্ধন সনদ প্রাপ্তির জন্য নির্ধারিত ফরম্যাটে আবেদন করা হয়েছে। এ বিষয়ে ডিএসইর সুপারিশ প্রার্থনা করছি।

মার্কেট মেকারের সনদ চেয়ে মোনার্ক হোল্ডিংসের করা আবেদনে সুপারিশ করে এসইসিতে পাঠানো চিঠিতে ডিএসই জানিয়েছে, মোনার্ক হোল্ডিংসের আবেদনের ভিত্তিতে ডিএসই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্কেট মেকার) বিধিমালা, ২০১৭-এর প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে কি না, তা যাচাই করে দেখেছে। সার্বিক দিক বিবেচনায় প্রতিষ্ঠানটির ‘মার্কেট মেকার’ হিসেবে কাজ করার জন্য সক্ষমতা রয়েছে বলে মনে করে ডিএসই। তাই প্রতিষ্ঠানের মার্কেট

মেকারের আবেদন বিবেচনা করা যেতে পারে। সম্প্রতি এসইসিতে এ-সংক্রান্ত একটি ডিএসই থেকে চিঠি পাঠানো হয়েছে।

ডিএসইর সুপারিশ পেয়ে মোনার্ক হোল্ডিংসের মার্কেট মেকারের সনদের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

এ বিষয়ে মোনার্ক হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী মার্কেট মেকারের সনদ পেতে আবেদন জানিয়েছি। ডিএসইর সুপারিশ পাওয়ার পর এসইসি থেকে প্রয়োজনীয় কিছু তথ্য চাওয়া হয়েছে।’ সনদপ্রাপ্তির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।  

দেশের পুঁজিবাজারে মার্কেট মেকার হিসেবে প্রথম নিবন্ধন সনদ পেয়েছে ডিএসই ও সিএসইর সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ বি রিচ লিমিটেড। এরপর দ্বিতীয় মার্কেট মেকার হিসেবে নিবন্ধন সনদ পায় ব্রোকারেজ হাউজ গ্রিন ডেল্টা সিকিউরিটিজ। বর্তমানে এসইসিতে মোনার্ক হোল্ডিংস ছাড়াও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড (আইএসটিসিএল) ও সোহেল সিকিউরিটিজ লিমিটেডের মার্কেট মেকারের আবেদন জমা রয়েছে। এসব প্রতিষ্ঠানের আবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

প্রসঙ্গত, বাজার সৃষ্টিকারী বিধিমালা অনুযায়ী, কোনো মার্চেন্ট ব্যাংক, তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, স্টক ডিলার বা স্টক ব্রোকার এসইসি থেকে এ সনদ পাওয়ার যোগ্য হবে। লাইসেন্সের জন্য আবেদন করতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন কমপক্ষে ১০ কোটি টাকা থাকতে হবে। আর উল্লিখিত পরিমাণ টাকা পরিশোধিত মূলধন হিসেবে থাকলে যেকোনো মার্কেট মেকার একটি অনুমোদিত সিকিউরিটিজ পরিচালনার জন্য নিয়োজিত থাকতে পারবে। নিবন্ধন পাওয়া বাজার সৃষ্টিকারীরা সর্বোচ্চ সততা, বিশ^স্ততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে বাজার কার্যক্রম পরিচালনা করবে। প্রতিটি এক বছরের জন্য সনদ পাবে এবং তাদের সব হিসাব ১০ বছরের জন্য সংরক্ষণ করতে হবে। অনুমোদিত বাজার সৃষ্টিকারী সিকিউরিটির বা শেয়ারের তারল্য ও উপযুক্ত মূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং বাজারের আচরণের ওপর তাদের ভূমিকা নির্ধারণ করবে।