বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ার দর নির্ধারণে বিডিংয়ের (নিলাম) অনুমোদন পেয়েছে। আগামী ১০ অক্টোবর বিকেল ৩টা থেকে ১৩ অক্টোবর বিকেল ৩টা পর্যন্ত কোম্পানির শেয়ারের নিলাম হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুক বিল্ডিং পদ্ধতির নিয়ম অনুসারে, শুরুতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত শেয়ার বিক্রির নিলামের আয়োজন হবে। যে দামে এসে তাদের জন্য সংরক্ষিত শেয়ারের বিক্রি শেষ হবে, সেটাই হবে শেয়ারের কাট-অফ প্রাইস। আর প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) কাট-অফ প্রাইস থেকে ৩০ শতাংশ বা ২০ টাকা, এই দুইয়ের মধ্যে যেটি কম, সেই দামে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বরাদ্দ করা হবে।
গত ৩১ আগস্ট এশিয়াটিক ল্যাবরেটরিজকে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ার ছেড়ে ৯৫ কোটি টাকা উত্তোলনের অনুমতি দেয় এসইসি। কোম্পানিটি পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করে ৫৮ কোটি টাকা ব্যয়ে অধিগ্রহণ ও যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করবে। আইপিওর টাকায় কারখানা ভবন নির্মাণে ব্যয় হবে ৬ কোটি ২৫ লাখ টাকা। এ ছাড়া ২৮ কোটি টাকা ব্যয় করবে ব্যাংক ঋণ পরিশোধে।