ইডেন কলেজ ছাত্রলীগ

দুপুরে সভাপতি সম্পাদক অবাঞ্ছিত সন্ধ্যায় সংঘর্ষ

ইডেন কলেজ ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা ও যুগ্ম সাধারণ সম্পাদক রিতু আক্তার আহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত দুই নেত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

আহত রিতু জানান, সন্ধ্যায় কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা চেয়ার, লাঠি দিয়ে আঘাত করে।     

অবশ্য যার নামে এই অভিযোগ, সেই জান্নাতুলের ওপরই হামলা চালানোর অভিযোগ রয়েছে ইডেন ছাত্রলীগের সভাপতি তামান্না ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার দুপুরে তাদের দুজনকে ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছিলেন কলেজ ছাত্রলীগের ২৫ নেত্রী। দুপুরে কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাসের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।   

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইডেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বলেন, ‘গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে তাদের অনুসারীরা হজরত আয়েশা সিদ্দিকা (রা.) ছাত্রীনিবাসের সামনে সহসভাপতি জান্নাতুল ফেরদৌসের ওপর অতর্কিত হামলা চালায়।’   

বক্তব্যে অভিযোগ করা হয়, ‘ক্যান্টিনের চাঁদাবাজি, ইন্টারনেট সার্ভিস থেকে চাঁদাবাজি, কলেজের মুদিদোকানে চাঁদাবাজি, অবৈধভাবে শতাধিক কক্ষ দখল করে রাখা, বিভিন্নভাবে ছাত্রীদের অনৈতিক কাজের প্রস্তাব দেওয়াসহ নানা অভিযোগ আছে তামান্না-রাজিয়ার বিরুদ্ধে। দায়িত্বপ্রাপ্ত নেতাদের এসব জানানো হলেও তাদের কাছ থেকে নিরপেক্ষ কোনো প্রতিকার পাওয়া যায়নি।’  

সিট বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগ করে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় শনিবার রাতে সহসভাপতি জান্নাতুলকে আটকে রেখে হেনস্তা ও মারধরের অভিযোগ ওঠে ইডেন ছাত্রলীগের সভাপতি তামান্না ও সাধারণ সম্পাদক রাজিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় গত শনিবার মধ্যরাত থেকেই কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল। ঘটনা তদন্তে ছাত্রলীগ একটি কমিটি করেছে। এ ছাড়া জান্নাতুল প্রশাসনের কাছেও লিখিত অভিযোগ করেছেন।