বেনাপোল সীমান্তে ১০ স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলের গোগা সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বারসহ সাকিব হোসেন (১৮) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোগা সীমান্তের গাজীপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক সাকিব গোগা গ্রামের মৃত কালাম হোসেনের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভীর রহমান (পিএসসি) জানান, গোপন খবর আসে একজন পাচারকারী স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে গোগা সীমান্তের গাজীপাড়া পাকা রাস্তার ওপর অবস্থান করছে। এমন খবরে বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ওই পাচারকারীকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তার হাতে থাকা সারের ব্যাগে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। 

জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ২৩৩ গ্রাম। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। 

তিনি আরও জানান, স্বর্ণের পাচার রোধে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।