ফের আলোচনায় তাদের ত্রিভুজ সম্পর্ক

দুটি ছবি প্রকাশের পর তুমুল আলোচনায় উঠে এসেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী। বিষয়টি নিয়ে জোর চর্চার মধ্যেই তিনি সাংবাদিকদের জানালেন, কয়েক দিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার করবেন তিনি। গত মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্রে তোলা নিজের দুটি ছবি ভেরিফায়েড পেজে পোস্ট করে বুবলী লিখেছেন, ‘আমি ও আমার জীবন’। দুই ছবির একটিতে তার গর্ভবতী হওয়ার বিষয়টি স্পষ্ট। এই ছবির পেছনের কাহিনী পরে খোলাসা হলেও থেমে নেই গুঞ্জন।

অনেকের প্রশ্ন এতদিন পর কেন বুবলী এই ছবি শেয়ার করলেন? কেউ আবার দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। বুবলী যেদিন এই ছবি শেয়ার করেছেন, ঠিক সেদিনই ছিল শাকিব খানের একমাত্র সন্তান জয়ের জন্মদিন। জয়কে নিয়ে প্রকাশ্যে আসার পর থেকেই শাকিব খান আর অপু বিশ্বাসের সম্পর্ক অবনতি হতে থাকে। কিন্তু এই জুটির বিচ্ছেদের পর এবারই প্রথম বেশ হাসিমুখে এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারা। জয়ের জন্মদিনে দেখা গেছে শাকিব ও অপুকে। শুধু তাই নয়, গুঞ্জন আরও জোরালো হয় অপু যখন সেই জন্মদিনের পার্টির ছবি শেয়ার দিয়ে ক্যাপশনে লেখেন, সুখী পরিবার!

এমনিতেই কিছুদিন ধরে মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল, শাকিব খান আর অপু বিশ্বাস আবার এক হতে চলেছেন। অবশেষে জয়ের জন্মদিনে দুজনের এমন প্রাণবন্ত উপস্থিতি সেই গুঞ্জনের পালে আরও হাওয়া দিচ্ছে। তাইতো অতি উৎসাহী নেট জনতারা ভাবতে শুরু করেছেন, অপুর সঙ্গে পুনর্মিলন মেনে নিতে পারছেন না বুবলী। তাইতো ঠিক এমন সময়েই নিজের গর্ভবতী হওয়ার ছবি প্রকাশ করেছেন। এটা নাকি বুবলীর পক্ষ থেকে শাকিব খানের জন্য ওয়ার্নিং! প্রসঙ্গত, অনেকেই জানেন, অপুর সঙ্গে শাকিব খানের বিচ্ছেদের জন্য অনেকেই বুবলীকে দায়ী করেছিলেন। শোবিজে জোর গুঞ্জনও ছিল, অপুর পর শাকিব খান বুবলীকে বিয়ে পর্যন্ত করেছেন। এমন নানাবিধ গুঞ্জনের মাধ্যমে আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে বুবলী-শাকিব খান-অপু বিশ্বাসের ত্রিভুজ সম্পর্ক!

নিজের অন্তঃসত্ত্বা হওয়ার ব্যাপারে বুবলী গণমাধ্যমকে বলেছেন, আপনারা অনেকবার অনেক কিছু জিজ্ঞাসা করেছেন, অনেক কিছু জানতে চেয়েছেন, বরাবরই আমি বলেছি, আমার পেশাগত জীবন নিয়েই ফোকাসে থাকতে চাই। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে চাই না। তবে এই বিষয়ে আমি কথা বলব। এখন শুধু এটুকু বলতে পারি, কোনো ঘটনার পেছনে তো অনেক ঘটনা থাকে। ফিল্মের জন্য যখন একটা স্ক্রিপ্ট লেখা হয়, সেটার পেছনেও আরেকটা স্ক্রিপ্ট থাকে। আমি কখনোই এসব নিয়ে আসলে কথা বলতে চাইনি। যেহেতু সামাজিক যোগাযোগমাধ্যমে একটা বিষয় দেখেছেন, সেই বিষয় নিয়ে কয়েক দিনের মধ্যে সবার সঙ্গে কথা বলব।’

২০১৭ সালের এপ্রিলে শবনম বুবলীর সঙ্গে শাকিব ঘরোয়া পরিবেশে একটি ছবি তোলেন। ছবিটিতে ‘ফ্যামিলি টাইম’ ক্যাপশন লিখে নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন বুবলী। এরপরই শাকিব খান-অপুর বিবাহ ও সন্তানের খবর প্রকাশ্যে আসে। আসে বলতে অপু বিশ্বাসই দীর্ঘদিন গোপনে থাকা বিয়ে ও সন্তানের বিষয়টি খোলাসা করেন। ভক্তরা শাকিব-অপুর বিয়ের আলোকোজ্জ্বল পর্ব দেখার আগেই দেখেছে একটি বিচ্ছেদ। ২০১৮ সালের১২ মার্চ শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহবিচ্ছেদ কার্যকর হয়। এরপর দুজনের পথ বেঁকে যায়। দুজনই নতুন করে নিজেদের দিকে মনোযোগী হন। চলচ্চিত্রে শাকিবের নিয়মিত জুটি হন বুবলী। ফলে বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্কের বিষয়টি জোরালো হয়। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে আকস্মিকভাবে উধাও হন বুবলী। জানা যায় তিনি যুক্তরাষ্ট্রে। ১১ মাস নিভৃতে ছিলেন। ওই সময় শোনা যায় বুবলী অন্তঃসত্ত্বা। সন্তান জন্ম দেওয়ার জন্যই নিউ ইয়র্ক গেছেন। পরে চলচ্চিত্রপাড়ার বাতাসে শোনা যায় বুবলী মা হয়েছেন, বাবা হয়েছেন শাকিব। মঙ্গলবার শাকিব খান ছেলে জয়কে নিয়ে আবেগমিশ্রিত পোস্ট দেওয়ার পর বুবলী নিজের পুরনো বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। যা দিয়ে কার্যত শাকিবকে বার্তাই দিতে চেয়েছেন। বুধবার সকালে অপু বিশ্বাস নতুন আলোচনার জন্ম দেন। শাকিব খানের বাসায় জয়ের কেক কাটার আনন্দঘন মুহূর্তের বেশকিছু ছবি শেয়ার করেন নিজের ফেইসবুক পেজে। ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’